বরিশালে ব্যাংক থেকে টাকা তুলে রিকশায়, সেই বিচারকের সর্বশেষ অবস্থান ছিল যেখানে

বরিশালে নিখোঁজ জেলা ও দায়রা জজ আদালতের সহকারী জজ শেখ ফারহান নাদিমের সন্ধান এখনো মেলেনি। গত মঙ্গলবার সন্ধ্যার পর নগরীর আলেকান্দা-আমতলা এলাকায় তাঁর সর্বশেষ অবস্থান শনাক্ত করতে পেরেছে পুলিশ। এর আগে ইসলামী ব্যাংক থেকে টাকা তুলে রিকশায় ওই এলাকার দিকে যান তিনি। এরপর থেকে তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
শেখ ফারহান নাদিম বরিশালের উজিরপুর উপজেলা সহকারী জজ হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জেলা ও দায়রা জজ আদালতের নাজির সৈয়দ মাইনুল হোসেন।
আজ বৃহস্পতিবার বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, গতকাল বুধবার দুপুরে বিচারক নিখোঁজ থাকার বিষয়ে জিডি করা হয়। পুলিশ নিজস্ব কৌশলে তাঁর সন্ধান করছে। গত মঙ্গলবার সন্ধ্যার পর সর্বশেষ নগরীর আলেকান্দা-আমতলা এলাকায় বিচারক নাদিমের অবস্থান নিশ্চিত হওয়া গেছে। এর আগে তিনি ইসলামী ব্যাংক থেকে ৫ হাজার টাকা তুলে রিকশায় আমতলার দিকে যান। এরপর তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
ওসি আরও জানান, বিচারক আত্মগোপনে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
নাজির সৈয়দ মাইনুল হোসেন আজ বৃহস্পতিবার বিকেলে জানান, বিচারক নাদিমের সন্ধান এখনো পাওয়া যায়নি। নিখোঁজ হওয়ার পর থেকে তাঁর মুঠোফোন বন্ধ রয়েছে।
উজিরপুর আদালতের পেশকার সঞ্জীব কুমার দাস জানান, নাদিম বরিশাল জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে প্রায় এক কিলোমিটার দূরে কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন সরকারি বাসভবনে পরিবার নিয়ে থাকেন। তিনি বিচারকদের বহনকারী মাইক্রোবাসে যাতায়াত করতেন না। বেশির ভাগ সময় হেঁটে কিংবা রিকশায় আদালতে আসা-যাওয়া করতেন।
সঞ্জীব কুমার দাসের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার দাপ্তরিক কার্যক্রম শেষে বিকেলে আদালত থেকে বাসার উদ্দেশে বের হন নাদিম। রাতে তাঁর পরিবারের সদস্যরা জানান, তিনি বাসায় ফেরেননি। এরপর থেকেই তাঁর সন্ধান পাওয়া যাচ্ছে না।










