বরিশাল নগরীর উপকণ্ঠ পূর্ব পুরানপাড়া এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বাটালের কোপে কামরুল ইসলাম (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে ওই এলাকার বটতলা হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।
কামরুল ইসলাম বটতলা এলাকার হাওলাদার বাড়ির বাসিন্দা।
নিহতের পরিবারের সদস্যরা জানান, কামরুল ইসলামের সঙ্গে তাঁর সৎমামাতো ভাই সুরুজ মিয়ার জমিজমা নিয়ে বিরোধ চলছিল। আজ সকালে কামরুল বিরোধপূর্ণ জমিতে দেয়াল নির্মাণের উদ্যোগ নেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি ও ঝগড়া হয়।
একপর্যায়ে সুরুজ, তাঁর বাবা আনোয়ার হোসেন ও ভাই মিরাজ মিলে কামরুলকে মারধর করেন। এ সময় তাঁরা বাটাল দিয়ে কামরুলের পিঠে কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউনিয়া থানা-পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।
কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় অভিযুক্ত আনোয়ার হোসেন, তাঁর স্ত্রী খাদিজা বেগম ও ছেলে মিরাজ হোসেনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার কথা জানানো হয়েছে।










