বরিশালে বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে হাতাহাতি, যুবদল নেতার ফাটল নাক

বরিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির সমাবেশে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটেছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে জেলা ও মহানগর বিএনপির আয়োজিত সমাবেশে এ ঘটনা ঘটে। এতে মো. আতিকুল ইসলাম রাব্বি নামে যুবদলের সাবেক এক সদস্য আহত হয়েছেন। এ সময় তাঁর নাক ফেটে রক্ত ঝরতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় একদল যুবককে ছোটাছুটি করতে দেখা যায়। এতে সমাবেশস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহত রাব্বি বরিশাল মহানগরের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সদস্য। তিনি সংসদ সদস্য সরোয়ারের অনুসারী হিসেবে পরিচিত।
রাব্বির অভিযোগ, সমাবেশ চলাকালে তিনি মঞ্চের কাছে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কয়েকজন তরুণ তাঁর ওপর অতর্কিতে হামলা চালান। হামলাকারীদের মধ্যে সোবাহান নামের একজন ছিলেন।
রাব্বি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে হামলাকারীরা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক নীরব হোসেন টুটুলের অনুসারী ছিলেন। তখন তাঁরা চাঁদাবাজি করতেন এবং তাঁর দোকানেও চাঁদা নিতে গিয়েছিলেন। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ তৈরি হয়। সেই বিরোধের জেরেই তাঁর ওপর হামলা চালানো হয়েছে।
তবে এ বিষয়ে অভিযুক্ত বিএনপিকর্মী মো. সোবাহানের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, মারামারির সময় আমরা মঞ্চে ছিলাম। অনাকাঙ্ক্ষিত এ ঘটনার বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।









