Ajker Patrika

‘বৈষম্যবিরোধীর’ মামলায় আন্দোলনকারীও আসামি

  • বৈষম্যবিরোধী গণমাধ্যম সাংবাদিক ফোরাম নামক সংগঠনের আহ্বায়ক পরিচয়ে মামলা।
  • নিরীহ মানুষের পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীকেও আসামি করার অভিযোগ।
খান রফিক, বরিশাল
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বরিশাল নগরের সিঅ্যান্ডবি রোডের বাসিন্দা সুলতান খান। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে গত বুধবার কোতোয়ালি থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করেছেন। ‘বৈষম্যবিরোধী গণমাধ্যম সাংবাদিক ফোরাম’ নামের সংগঠনের আহ্বায়ক পরিচয়ে তিনি এ মামলা করেন। এতে বরিশালের সাবেক সংসদ সদস্য (এমপি), সিটি করপোরেশনের মেয়র থেকে শুরু করে ১৫৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা অন্তত দেড় শজনকে আসামি করা হয়।

আসামিদের অনেকেরই অভিযোগ, হয়রানির জন্যই সুলতান খান এ মামলা করেছেন। অনেকে তাঁকে চেনেন না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীকেও এই মামলায় আসামি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এমনকি সুলতান এবং তাঁর সংগঠন সম্পর্কে বরিশালের পেশাদার সাংবাদিক নেতারা কিছু জানেন না বলে দাবি করেছেন।

এদিকে কোনো আলামত জব্দ দেখানো ছাড়াই থানায় বিস্ফোরক আইনে মামলা নেওয়ার বৈধতা নিয়েও আইনজীবীরা প্রশ্ন তুলেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা বলছেন, ‘বাদীকে মোবাইল ফোনে কল দিয়েছিলাম। তাঁকে থানায় আনা যাচ্ছে না।’

বাদী সুলতান খান বলছেন, ‘আরও মামলা করা হবে।’

মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত ১৭ জুলাই বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আসামিদের হামলায় রাকিবুল্লাহ আহসান নামের একজন চোখে গুলিবিদ্ধ হন। রাকিবুল্লাহকে তাঁর খালাতো ভাই বলে দাবি করা হয়। যদিও আহত ব্যক্তির সঙ্গে কথা বলার জন্য তাঁর পরিচয় জানতে চাইলে সুলতান খান কোনো তথ্য দিতে রাজি হননি।

মামলার আসামি হিসেবে জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ, সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, সাবেক এমপি পঙ্কজ নাথ, জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার, সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদিক আবদুল্লাহ ও আবুল খায়ের আবদুল্লাহসহ জেলার বিগত সরকারের সাবেক এমপি, মেয়র, উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ ১৫৩ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া নগরের বিশিষ্ট নাগরিক ও সামাজিক সংগঠনের নেতাদেরও আসামি করা হয়েছে।

মামলার আসামি বরিশাল নাগরিক ফোরামের সমন্বয়ক কাজী এনায়েত হোসেন শিবলুর অভিযোগ, গত ২৭ এপ্রিল মোটরসাইকেল দুর্ঘটনায় তাঁর ডান পায়ের হাড় তিন টুকরা হয়ে যায়। এরপর থেকে টানা ৯ মাস বরিশাল ও ঢাকায় হাসপাতালে ছুটছেন। এখনো ক্রাচে ভর দিয়ে তাঁকে হাঁটতে হচ্ছে।

শিবলু বলেন, ‘সামাজিক মর্যাদাহানি এবং হয়রানি করতেই আমাকে এ মামলায় আসামি করা হয়েছে।’

আরেক আসামি বাকেরগঞ্জ উপজেলার গোলাম সরোয়ার সবুজ অভিযোগ করে বলেন, ‘আমি কোনো দলের পদে নেই। আওয়ামী লীগ সরকারের সময় আমি ফরিদপুর ইউনিয়ন পরিষদে দুবার চেয়ারম্যান প্রার্থী হয়েছিলাম। সুলতানকে আমি চিনি না। আমাকে কেন বরিশালে মামলায় আসামি করা হয়েছে, তা-ও জানি না।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল নগরের আহ্বায়ক শহিদুল ইসলাম শাহেদ আজকের পত্রিকাকে বলেন, ‘সুলতানকে আমি চিনি না। আমার এক ছোট ভাই তোহা (নওশদ আহমেদ তোহা) বলেছে, সুলতান নাকি মামলায় সাধারণ একজন মানুষকে বিনা অপরাধে ফাঁসাচ্ছেন। এভাবে কোনো সংগঠনে “বৈষম্যবিরোধী” কথাটি যুক্ত করে আমাদের বিতর্কিত করা হচ্ছে।’

বরিশাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী নওশদ আহমেদ তোহা বলেন, ‘ছাত্র আন্দোলনের সময় নগরের নথুল্লাবাদে গোলাম দস্তগীর নামের একজন আমাদের সঙ্গে ছিলেন। তাঁকে ৬৪ নম্বর আসামি করে ফাঁসানো হয়েছে।’

মামলায় আসামি জাপা নেতা রুহুল আমিন হাওলাদারের বিষয়ে যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা বলেন, ‘রুহুল আমিন কী বরিশাল নগরে গিয়ে হামলা করতে পারেন? অখ্যাত এই সুলতানের কথায় ওসি মামলাটা নিয়ে ঠিক করেননি। শুনেছি, তিনি নাকি জামায়াতে ইসলামীর রাজনীতি করেন।’

মামলার বিষয়ে গত বৃহস্পতিবার দুপুরে সিঅ্যান্ডবি রোডে সুলতান খানের সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। এ সময় সুলতান নিজেকে ‘দি ডেইলি টাইমস অব বাংলাদেশ’র বিশেষ প্রতিনিধি এবং ‘বৈষম্যবিরোধী গণমাধ্যম সাংবাদিক ফোরাম’-এর আহ্বায়ক হিসেবে পরিচয় দেন।

মামলার আসামিদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে সুলতান খান বলেন, ‘আরও মামলা করা হবে। বিএনপি যে মামলা করেছে, তা ঠিক হয়নি। তারা ঢালাও আসামি করেছে।’

বরিশালের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘কেউ অভিযোগ নিয়ে এলে মামলা নিতে হয়, তাই নিয়েছি। তদন্তে বিস্ফোরকের আলামত পাওয়া না গেলে এ ধারাটি বাদ দেওয়া হবে।’

মামলার তদন্তকারী কর্মকর্তা ও উপপরিদর্শক মো. ইব্রাহিম খলিল বলেন, ‘বাদীকে মোবাইল ফোনে কল দিয়েছিলাম। তাঁকে তো থানায় আনা যাচ্ছে না। এটা সঠিক যে, তাঁকে অনেকেই চেনেন না। মামলার তদন্ত চলছে।’

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী কাইউম খান কায়সার বলেন, ‘আলামত জব্দ ছাড়া বিস্ফোরক আইনে মামলা হয় না। সুলতানের মামলায় আলামত জব্দ দেখানো হয়নি। ফলে তাঁর অভিযোগ এজাহার হিসেবে নেওয়া বৈধ হয়নি।’

বরিশাল মহানগর জামায়াতের মুখপাত্র মো. শাহ আলম বলেন, ‘সুলতান অনেক আগে ইসলামী ছাত্রশিবির করতেন। জামায়াতের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দেন। তাঁর মামলার সঙ্গে জামায়াতের সংশ্লিষ্টতা নেই।’

বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন বলেন, ‘মামলার পর জানতে পেরেছি, বরিশালে সুলতান খান নামের কোনো সাংবাদিক আছেন। বৈষম্যবিরোধী গণমাধ্যম সাংবাদিক ফোরামের নাম এর আগে আমরা শুনিনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আনিস আলমগীর, শাওনসহ ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় অভিযোগ

আজকের রাশিফল: ঘনিষ্ঠ বন্ধু ঠকানোর চেষ্টা করবে, সঙ্গী ঘরের কাজ করিয়ে নেবে

হাদির জন্য এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়, সিঙ্গাপুরে যাত্রা দুপুরে

সিঙ্গাপুর যাত্রার আগে হাদির শারীরিক অবস্থা নিয়ে যা জানাল মেডিকেল বোর্ড

ইডেনের সেই ছাত্রীকে বিয়ের ছয় মাস পর নোবেলের বিরুদ্ধে ধর্ষণের চার্জশিট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

বেনাপোলে ভারতীয় ট্রাকে কোটি টাকার অবৈধ পণ্য

বেনাপোল (যশোর) প্রতিনিধি
জব্দ করা পণ্য। ছবি: আজকের পত্রিকা
জব্দ করা পণ্য। ছবি: আজকের পত্রিকা

যশোরের বেনাপোল বন্দরে ফেলে যাওয়া ভারতীয় ট্রাক আড়াই মাস পরে তল্লাশি করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এ সময় ট্রাকটিতে বিপুল পরিমাণ ভারতীয় আমদানিনিষিদ্ধ মেডিসিন, শাড়ি ও কসমেটিকস পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জব্দ করা পণ্যের বাজারমূল্য কয়েক কোটি টাকা।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে ট্রাকটির সিলগালা ভেঙে তল্লাশি করে কাস্টমস কর্তৃপক্ষ। এ সময় সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর বন্দর কর্তৃপক্ষের সন্দেহ হলে তারা ট্রাকটি থামতে বললে বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালে ভারতীয় ট্রাকটি (নম্বর HR-3811248) ফেলে পালিয়ে যান চালক।

বেনাপোল কাস্টম হাউসের সহকারী কমিশনার সাকিবুর রহমান জানান, প্রাথমিক পরীক্ষণে গাড়ির ভেতর ভারতীয় বিভিন্ন ধরনের ওষুধ, শাড়ি, থ্রি-পিস ও বাজি (পটকা) পাওয়া গেছে।

অবৈধ পণ্যের চালানটি ভারত থেকে বেনাপোল বন্দরে প্রবেশ করলেও কাস্টমস কর্তৃপক্ষ গণমাধ্যমকর্মীদের কাছে পণ্যটির সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম প্রকাশ করেনি। তবে গোয়েন্দা সংস্থার সদস্যরা জানিয়েছেন, অবৈধ পণ্যের চালানের মালিক আমদানিকারক রাইস ট্রেডিং ইন্টারন্যাশনাল।

সাধারণ ব্যবসায়ীরা বলছেন, কাস্টমসের এক শ্রেণি কর্মকর্তাদের যোগসাজশে বেড়েছে শুল্ক-কর ফাঁকি দিয়ে পণ্য আমদানি। অপরাধীরা পার পেয়ে যাওয়ায় কোনোভাবে বন্ধ হচ্ছে না অবৈধ পথে পণ্য পাচার। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আনিস আলমগীর, শাওনসহ ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় অভিযোগ

আজকের রাশিফল: ঘনিষ্ঠ বন্ধু ঠকানোর চেষ্টা করবে, সঙ্গী ঘরের কাজ করিয়ে নেবে

হাদির জন্য এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়, সিঙ্গাপুরে যাত্রা দুপুরে

সিঙ্গাপুর যাত্রার আগে হাদির শারীরিক অবস্থা নিয়ে যা জানাল মেডিকেল বোর্ড

ইডেনের সেই ছাত্রীকে বিয়ের ছয় মাস পর নোবেলের বিরুদ্ধে ধর্ষণের চার্জশিট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন গ্যাসকূপের খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
নারায়ণগঞ্জে তিতাস গ্যাসের ২০০ আবাসিক চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন। ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জে তিতাস গ্যাসের ২০০ আবাসিক চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে একটি নতুন (২৮ নম্বর) গ্যাসকূপ খননের কাজ শুরু করেছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)। আজ সোমবার সদর উপজেলার সুহিলপুরে তিতাস গ্যাস ফিল্ডের সি লোকেশনে এ কূপ খননের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক মো. শোয়েব।

প্রকল্পসংশ্লিষ্টরা জানান, কূপটির খনন শেষ হলে প্রতিদিন অন্তত ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

সূত্রে জানা যায়, ২০১২ সালে গ্যাসের সন্ধানে তিতাস গ্যাস ফিল্ডের সি লোকেশনে জরিপ চালানো হয়। পরে ২০২০ সালে ওই জরিপ প্রতিবেদন পর্যালোচনা করে তিতাস গ্যাস ফিল্ডে নতুন তিনটি কূপ খননের পরিকল্পনা নেয় জিএফসিএল। এই প্রকল্পের আওতায় গাজীপুরে অবস্থিত কামতা গ্যাস ফিল্ডেও একটি কূপ খনন করা হবে।

তিতাস ও কামতা ফিল্ডে মোট চারটি কূপ খননে ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা। কূপগুলোর খনন শেষ হলে প্রতিদিন জাতীয় গ্রিডে প্রায় ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বর্তমানে তিতাস গ্যাস ফিল্ডের উৎপাদনে থাকা ২২টি কূপ থেকে প্রতিদিন প্রায় ৩৩৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

তিতাসের ২৮ নম্বর কূপটির খননকাজ করছে একটি চীনা প্রতিষ্ঠান। খনন শেষ করতে সময় লাগবে প্রায় দুই মাস। কাজ শেষ হলে কূপটি থেকে প্রতিদিন প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফারুক হোসেন, তিতাস ও মেঘনা ফিল্ডে চারটি কূপ খনন প্রকল্পের পরিচালক এ কে এম জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আনিস আলমগীর, শাওনসহ ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় অভিযোগ

আজকের রাশিফল: ঘনিষ্ঠ বন্ধু ঠকানোর চেষ্টা করবে, সঙ্গী ঘরের কাজ করিয়ে নেবে

হাদির জন্য এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়, সিঙ্গাপুরে যাত্রা দুপুরে

সিঙ্গাপুর যাত্রার আগে হাদির শারীরিক অবস্থা নিয়ে যা জানাল মেডিকেল বোর্ড

ইডেনের সেই ছাত্রীকে বিয়ের ছয় মাস পর নোবেলের বিরুদ্ধে ধর্ষণের চার্জশিট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আতিফ আসলাম। ছবি: সংগৃহীত
আতিফ আসলাম। ছবি: সংগৃহীত

জনপ্রিয় পাকিস্তানি গায়ক আতিফ আসলামের কনসার্ট বাতিলের পরও টিকিটের টাকা ফেরত না দেওয়ার অভিযোগে আয়োজক প্রতিষ্ঠানের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে ব্যারিস্টার আহসান হাবীব ভূঁইয়া প্রতারণার অভিযোগে মামলাটি করেন।

আদালত বাদীর জবানবন্দি নিয়ে গোয়েন্দা পুলিশকে (ডিবি) অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার বাদী আহসান হাবীব ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তদন্ত সংস্থা ডিবিকে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছেন আদালত।

যাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, তাঁরা হলেন আয়োজক প্রতিষ্ঠান ‘মেইন স্টেজ ইনক’-এর সহপ্রতিষ্ঠাতা কাজী রাফসান, ব্রিতি সাবরিনা খান, চলঘুরি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আসিফ ইকবাল ও চেয়ারম্যান প্রমি ইসলাম।

মামলার অভিযোগে বলা হয়েছে, প্রধান অভিযুক্ত আসিফ ইকবাল খান ও ব্রিতি সাবরিন খান অপর আসামিদের যোগসাজশে কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় সরকারি অনুমতি ও নিরাপত্তা নিশ্চিত না করেই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ব্যাপক প্রচারণা চালান এবং টিকিট বিক্রি শুরু করেন।

চলতি বছরের ১৬ নভেম্বর ১ নম্বর আসামির দ্বারা পরিচালিত একটি ফেসবুক পেজে চমকপ্রদ বিজ্ঞাপন প্রচার করা হয়। সেখানে দাবি করা হয়, উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী আতিফ আসলাম ঢাকায় লাইভ কনসার্ট করতে সম্মতি দিয়েছেন। প্রথম দিকে অনুষ্ঠানস্থল প্রকাশ না করা হলেও পরে ওই পেজেই জানানো হয়, কনসার্টটি পূর্বাচল নিউটাউনের আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। ১ নম্বর আসামির এমন প্রচারণায় সংবাদটি দ্রুত ভাইরাল হয়ে যায়।

এ সময় ২ নম্বর আসামি ১ নম্বর আসামির বিশ্বাসযোগ্যতা বৃদ্ধির লক্ষ্যে তাঁর ‘মারভেল’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে কথিত কনসার্টের পক্ষে ব্যাপক প্রচারণা চালাতে থাকেন।

পরে নির্ধারিত সময়ে কনসার্ট না হওয়ায় ভুক্তভোগীরা টাকা ফেরত চান। মামলার আসামিরা বিভিন্ন সময়ে অনলাইনের মাধ্যমে কিছু অর্থ ফেরত দিলেও পরে একাধিক তারিখ ঘোষণা করেন। একপর্যায়ে ১২ ডিসেম্বর ফেসবুকে জানানো হয়, সরকার থেকে কনসার্টের অনুমতি পাওয়া যায়নি এবং আগামী নির্বাচনের পর কনসার্টটি আয়োজন করা হবে।

এরপর বাদী আসামিদের কাছে টাকা ফেরত ও ক্ষমা চাওয়ার দাবিতে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়ে লিগ্যাল নোটিশ পাঠান। তবে আসামিরা ক্ষমা না চাওয়ায় তিনি এ মামলা করেন।

মামলায় বাদী উল্লেখ করেন, কনসার্ট বাতিলের পর আসামিরা মামলার অন্যান্য সাক্ষীর কাছ থেকে ৮৬ হাজার ৬৩২ টাকাসহ টিকিট কাটা বহু মানুষের অর্থ প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেন। পরে তাঁরা পাওনা অর্থ ফেরত না দিয়ে নানা টালবাহানা শুরু করেন, যা পরিকল্পিত প্রতারণা ও অর্থ আত্মসাতের শামিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আনিস আলমগীর, শাওনসহ ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় অভিযোগ

আজকের রাশিফল: ঘনিষ্ঠ বন্ধু ঠকানোর চেষ্টা করবে, সঙ্গী ঘরের কাজ করিয়ে নেবে

হাদির জন্য এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়, সিঙ্গাপুরে যাত্রা দুপুরে

সিঙ্গাপুর যাত্রার আগে হাদির শারীরিক অবস্থা নিয়ে যা জানাল মেডিকেল বোর্ড

ইডেনের সেই ছাত্রীকে বিয়ের ছয় মাস পর নোবেলের বিরুদ্ধে ধর্ষণের চার্জশিট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

ভিডিও করতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হলেন কনটেন্ট ক্রিয়েটর

শেরপুর প্রতিনিধি
ফারুক হোসেন। ছবি: আজকের পত্রিকা
ফারুক হোসেন। ছবি: আজকের পত্রিকা

শেরপুরের শ্রীবরদীতে বনের ভেতরে ভিডিও করতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে ফারুক হোসেন (৩৬) নামের এক কনটেন্ট ক্রিয়েটর নিহত হয়েছেন।

আজ সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার বালিজুড়ী রেঞ্জের সোনাঝুড়ি এলাকায় বনের ভেতরে এ ঘটনা ঘটে। নিহত ফারুক পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার ফাকরাবাদ এলাকার মো. সুরুজ আলীর ছেলে। তিনি জেলার সীমান্তবর্তী বনাঞ্চলে গিয়ে নিয়মিত হাতির ভিডিও করে তাঁর ফেসবুক আইডিতে আপলোড করতেন।

তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বন বিভাগের বালিজুড়ী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীবরদী উপজেলার বালিজুড়ী রেঞ্জের মালাকুচা বিটের বনে ৪০-৪২টি বন্য হাতি ৬-৭টি শাবকসহ অবস্থান করছে। খবর পেয়ে আজ বেলা সাড়ে ৩টার দিকে ফারুক হোসেন উৎসুক মানুষদের সঙ্গে বন্য হাতির ভিডিও করতে শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী সোনাঝুড়ি এলাকায় বনের ভেতরে যান।

এ সময় তিনি সামনে গিয়ে ভিডিও করতে গেলে হঠাৎ হাতির সামনে পড়েন। তখন একটি বন্য হাতি পা দিয়ে তাঁর মাথা পিষ্ট করে গুরুতর আহত করে। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বন বিভাগের লোকজন তাঁকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফারুক হোসেনের ফেসবুক আইডিতে গিয়ে দেখা যায়, সেখানে আজ সকালেও হাতির একটি ভিডিও আপলোড করা হয়েছে। তিনি প্রতিনিয়তই জেলার বিভিন্ন জায়গার বন্য হাতির ভিডিও ধারণ করে সেগুলো তাঁর ফেসবুকে আপলোড করতেন। এটি করতে গিয়ে তিনি অনেক সময়ই ঝুঁকিপূর্ণভাবে হাতির কাছাকাছি চলে যেতেন। ভিডিওগুলোতে বেশ কয়েকবারই হাতির ধাওয়া খেয়ে তাঁকে দৌড়ে পালাতে দেখা গেছে।

বন বিভাগের বালিজুড়ী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া জানান, উপজেলার সীমান্ত এলাকায় বনের ভেতরে ৪০-৪২টি বন্য হাতি অবস্থান করছে। আজ বিকেলে হাতির পায়ে পিষ্ট হয়ে ফারুক নামের এক যুবক গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সম্ভবত তিনি ভিডিও করতে গিয়েছিলেন।

সুমন মিয়া আরও বলেন, নিহত যুবকের পরিবারকে ক্ষতিপূরণের জন্য বন বিভাগের কাছে আবেদন করতে পরামর্শ দেওয়া হবে।

শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদ বলেন, এ ঘটনার পর ওই এলাকায় জনসাধারণের চলাচল সীমিত করতে বলা হয়েছে। একই সঙ্গে মৃত ব্যক্তি যাতে দ্রুত সময়ে ক্ষতিপূরণ পান, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আনিস আলমগীর, শাওনসহ ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় অভিযোগ

আজকের রাশিফল: ঘনিষ্ঠ বন্ধু ঠকানোর চেষ্টা করবে, সঙ্গী ঘরের কাজ করিয়ে নেবে

হাদির জন্য এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়, সিঙ্গাপুরে যাত্রা দুপুরে

সিঙ্গাপুর যাত্রার আগে হাদির শারীরিক অবস্থা নিয়ে যা জানাল মেডিকেল বোর্ড

ইডেনের সেই ছাত্রীকে বিয়ের ছয় মাস পর নোবেলের বিরুদ্ধে ধর্ষণের চার্জশিট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত