Ajker Patrika

উজিরপুরে ক্লাস চলাকালে শিক্ষকের মাথায় ছাদের পলেস্তারা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
উজিরপুরে ক্লাস চলাকালে শিক্ষকের মাথায় ছাদের পলেস্তারা
ক্লাস চলাকালে খুলে পড়ে ছাদের পলেস্তারা। ছবি: সংগৃহীত

বরিশালের উজিরপুরে ক্লাস চলাকালে ছাদের পলেস্তারা খুলে মাথায় পড়ে আহত হয়েছেন এক শিক্ষক। তবে অল্পের জন্য রক্ষা পায় শিক্ষার্থীরা।

গতকাল সোমবার উপজেলা সদরের সরকারি ডব্লিউ বি ইউনিয়ন ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির কক্ষে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গতকাল সোমবার সপ্তম শ্রেণির কক্ষে ক্লাস নিচ্ছিলেন সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম। হঠাৎ বিকট শব্দে ছাদের পলেস্তারা খুলে তাঁর মাথার ওপর পড়ে। এতে তিনি আহত হন। পরে তাঁকে চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী সপ্তম শ্রেণির শিক্ষার্থী সাথী রাহেলা জানায়, ‘স্যার ক্লাস নিচ্ছিলেন। হঠাৎ ওপর থেকে ছাদের পলেস্তারা খুলে স্যারের মাথায় পড়ে। আমরা সবাই ভয় পেয়ে যাই।’

আরেক শিক্ষার্থী সিমা জানায়, ‘পলেস্তারা পড়ার সময় আমরা সবাই ক্লাসে ছিলাম। স্যার আহত হয়েছেন। আমাদেরও খুব ভয় লেগেছে।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, ‘ভবনটি ১৯৬০ সালে নির্মিত। এটি অনেক পুরোনো ভবন। ক্লাস চলাকালে ছাদের পলেস্তারা খুলে পড়ে একজন শিক্ষক আহত হয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’

অভিভাবকেরা জানান, দীর্ঘদিনের পুরোনো ভবনে এভাবে শ্রেণি কার্যক্রম চালানো শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য ঝুঁকিপূর্ণ। ভবনটি দ্রুত পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার অথবা নতুন ভবন নির্মাণের দাবি জানান তাঁরা।

এ ব্যাপারে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী সুজা বলেন, ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত