
বরিশালের মুলাদীতে আহত এক তরুণের মৃত্যুর গুজবকে কেন্দ্র করে তিনটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৬ জনসহ মোট ৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে জালালাবাদ লক্ষ্মীপুর গ্রামের জসীম বাদশার স্ত্রী রোজী বেগম বাদী হয়ে মুলাদী থানায় মামলাটি দায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ২৯ মে জালালাবাদ লক্ষ্মীপুর গ্রামের জসীম ওরফে জাকির বাদশার ছেলে আবু তাহের এবং নাসির সরদারের ছেলে রাজুর সঙ্গে পার্শ্ববর্তী গ্রামের আব্দুর রহিম হাজির ছেলে মিলন হাজির মারামারি হয়। এতে মিলন গুরুতর আহত হলে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল দুপুরে এলাকায় মিলন হাজির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এতে তার স্বজন ও সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে প্রায় ৪৫ থেকে ৫০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে জালালাবাদ লক্ষ্মীপুর গ্রামের জাকির বাদশা, নূরুল আলম হাওলাদার ও নাসির সরদারের বাড়িতে হামলা চালায়। হামলার সময় ব্যাপক ভাঙচুর ও মালামাল লুটপাটের অভিযোগও ওঠে।
মামলায় অভিযোগ করা হয়েছে, বানীমর্দন গ্রামের শুকুর হাজি, মোতালেব হাজি ও সুমন সরদারের নেতৃত্বে হামলাটি সংঘটিত হয়। মামলায় শুকুর হাজি (৫৫), মোতালেব হাজি (৪৮), আলীম সরদার (৫৫), সাকিব হাজি (২০), মন্টু হাজি (৬০), মামুন হাজি (৪০), সজিব হাজি (২৬), সুমন হাজি (৪৫), নূরে আলম হাজি (৪০), রিপা বেগম (৩২), মোহনা বেগমসহ (২০) ২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর এলাকায় মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কের পাশে দীর্ঘদিন ধরে পৌরসভার সব ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে।
৫ মিনিট আগে
রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানের রামপাহাড় বিটে একটি বিষধর শঙ্খিনী সাপ অবমুক্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ জুন) সকালে এটি অবমুক্ত করা হয়।
১২ মিনিট আগে
কুড়িগ্রামের ফুলবাড়ীতে নানাবাড়িতে বেড়াতে এসে নীলকমল নদীতে ডুবে মুনতাহা জান্নাত (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের নীলকমল নদী থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটির মরদেহ উদ্ধার করেন।
২২ মিনিট আগে
মেহেরপুরের গাংনী উপজেলার অলিনগরে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ইজিবাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় আরও দুজন আহত হয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ট্রাক ও ইজিবাইক জব্দ করেছে পুলিশ।
২৫ মিনিট আগে