
বরগুনার আমতলীতে নৌবাহিনী ও উপজেলা মৎস্য বিভাগের জব্দ করা জাটকা ইলিশ মাছ থানা থেকে লুট হয়েছে। এমন ঘটনার ভিডিও মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। জানা গেছে, আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ৩টার দিকে আমতলী থানায় এ ঘটনা ঘটে।
১ নভেম্বর থেকে সাগর ও নদীতে জাটকা ইলিশ শিকার করা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু তালতলী, কলাপাড়া ও আমতলী উপজেলার অসাধু জেলেরা সরকারি নির্দেশনা উপেক্ষা করে অবাধে মাছ শিকার করছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, জেলেদের শিকার করা জাটকা ইলিশ আজ দুপুরে চারটি গাড়িতে আমতলী থেকে ঢাকাসহ বিভিন্ন এলাকায় পাঠানোর চেষ্টা করা হচ্ছিল। এ সময় ১ হাজার ৫০০ কেজি জাটকা ইলিশ মাছ নৌবাহিনীর সদস্য ও উপজেলা মৎস্য বিভাগের লোকজন জব্দ করেন। জব্দ করা মাছ তাঁরা আমতলী থানায় মজুত রাখেন। আজ বিকেলে ওই মাছ স্থানীয় ৫০টি এতিমখানায় বিতরণ করা হচ্ছিল। ওই মুহূর্তে শতাধিক মানুষ থানা কম্পাউন্ডে প্রবেশ করে মাছগুলো লুট করে নিয়ে যান।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, পুলিশের সামনে জাটকা ইলিশ লুট হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।
প্রত্যক্ষদর্শী গাজী নাসির উদ্দিন বলেন, ‘পুলিশের সামনে থেকে জব্দ করা জাটকা ইলিশ লুট হওয়া খুবই দুঃখজনক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে এমন ঘটনা মেনে নেওয়া যায় না। উপজেলা প্রশাসন ঠিকমতো বণ্টন করলে এমন হতো না। জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানাই।’
আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার বলেন, জব্দ করা ১ হাজার ৫০০ কেজি মাছ ৫০টি এতিমখানায় বিতরণকালে অপরিচিতি শতাধিক লোকজন এসে মাছ লুট করে নিয়েছেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, ‘জব্দ করা অর্ধেক মাছ সঠিকভাবে বণ্টন করা হয়েছে। বাকি অর্ধেক মানুষ নিয়ে গেছে। আমি ঠেকানোর চেষ্টা করেও পারিনি।’
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ্জামান খান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। থানা একটি সুরক্ষিত জায়গা, সেখান থেকে মাছ লুট হওয়ার প্রশ্নই আসে না। তারপরও যদি লুট হয়ে থাকে, জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগার থেকে এক সাজাপ্রাপ্ত কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় সাতজন কারারক্ষীকে সাময়িকভাবে বরখাস্ত করেছে কারা কর্তৃপক্ষ। দায়িত্ব অবহেলার অভিযোগে তিন মেট্রন ও চার নারী কারারক্ষীর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে...
৬ মিনিট আগে
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বিয়ে শেষে কনে নিয়ে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খাদে পড়ে শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় বর-কনেসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশে পুশ ইন প্রক্রিয়া নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, শুধু ভারতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকই নয়, ভারতীয় নাগরিকদেরও বাংলাদেশি পরিচয় দিয়ে জোরপূর্বক সীমান্ত পার করে বাংলাদেশে পাঠানো হচ্ছে। গতকাল শুক্রবার দুপুরে বেনাপোল সীমান্ত এলাকায়...
১ ঘণ্টা আগে
কুষ্টিয়ার খোকসা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে