
সৌদি আরবে সাইদুল গাজী ও মামুন হাওলাদার নামের দুই ভাইকে পাঁচ মাস আটকে রেখে দেড় লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে দালাল রুবেল হাওলাদার ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। সৌদি আরবের জেলহাজত থেকে সাইদুল মুক্তি পেয়ে দেশে ফিরলেও অপর ভাই মামুন এখনো পালিয়ে বেড়াচ্ছেন।
ঘটনা ধামাচাপা দিতে দালাল রুবেল হাওলাদার পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন বলেও অভিযোগ সাইদুল গাজীর। আমতলী উপজেলার লোচা গ্রামে এ ঘটনা ঘটেছে।
মুক্তিপণ দিয়ে ফিরে আসা সাইদুল গাজী গতকাল বৃহস্পতিবার জানান, উপজেলার দক্ষিণ-পশ্চিম আমতলী গ্রামের আব্দুল হাই গাজীর ছেলে সাইদুল গাজী ও তাঁর ফুফাতো ভাই মামুন হাওলাদারকে দালাল রুবেল হাওলাদার আট লাখ টাকার চুক্তিতে কোম্পানির ভিসায় সৌদি আরবে পাঠান। ২০২২ সালের ২৬ এপ্রিল জেদ্দা বিমানবন্দরে নামেন দুই ভাই। এরপর দালাল চক্রের সদস্য ফুয়াদ তাঁদের একটি বদ্ধঘরে আটকে রাখেন। ওই স্থানে তাঁদের ওপর নির্যাতন চালানো হয়। চার দিন পর দালাল চক্রের আরেক সদস্য মনির এসে তাঁদের জেদ্দায় মরুভূমির মধ্যে একটি বন্ধ মুরগির ফার্মে নিয়ে যান। ওই স্থানে তাঁদের ৫ মাস ১০ দিন আটকে রাখেন তাঁরা। দালাল রুবেলের নির্দেশে চক্রের সদস্যরা তাঁদের ওপর অমানবিক নির্যাতন চালান এবং দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।
নির্যাতন সইতে না পেরে সাইদুল ও মামুন পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু দালাল চক্রের হাত থেকে রক্ষা পাননি। দালাল রুবেলের নির্দেশে মনির তাঁদের আটকে রেখে নির্যাতন চালিয়ে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। নিরুপায় হয়ে দেড় লাখ টাকা দেয় সাইদুলের পরিবার। এরপর দালাল রুবেল মেয়াদোত্তীর্ণ আকামা দিয়ে দুই ভাইকে ছেড়ে দেন। ওই আকামা নিয়ে পালিয়ে বেড়ান তাঁরা। এ ঘটনা নিয়ে দালাল রুবেলের সঙ্গে সাইদুলের কথা-কাটাকাটি হয়। এতে ক্ষুব্ধ হন রুবেল। পরে দালাল রুবেল ও তাঁর সহযোগীরা গত বছরের ১৪ ডিসেম্বর সৌদি পুলিশের হাতে সাইদুলকে ধরিয়ে দেন। ১২ দিন কারাবাস শেষে ২৭ ডিসেম্বর সৌদি পুলিশ তাঁকে বাংলাদেশে পাঠিয়ে দেয়। অপর দিকে সাইদুলের ফুফাতো ভাই মামুন হাওলাদার এখনো সৌদি আরবে পালিয়ে বেড়াচ্ছেন।
মামুনের বাবা মজিবুর রহমান হাওলাদার জানান, মামুন হাওলাদারের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ নেই। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সাইদুল গাজী ও দালাল রুবেল হাওলাদারের মধ্যে এ নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে দালাল রুবেল হাওলাদার সাইদুল গাজীর বিরুদ্ধে আমতলী থানায় পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ দায়ের করেছেন।
সৌদি আরবে নির্যাতনের শিকার সাইদুল গাজী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ও আমার ভাইয়ের জীবনটা দালাল রুবেল শেষ করে দিয়েছে। আমি তো জেল খেটে দেশে ফিরেছি, কিন্তু আমার ভাই কোথায় আছে, তা আল্লাহ জানেন।’
সাইদুল গাজী আরও বলেন, ‘দালাল রুবেল হাওলাদার কোম্পানির ভিসা দেওয়ার কথা বলে আমাকে ও আমার ফুফাতো ভাইকে সৌদি আরবে পাঠায়। সৌদি নিয়ে দুই দালালের কাছে আমাদের বিক্রি করে দেয়। দালাল চক্র আমাদের দুই ভাইকে ৫ মাস ১০ দিন আটকে রেখে নির্যাতন শেষে দেড় লাখ টাকা মুক্তিপণ আদায় করেছে। পরে আমাকে পুলিশে ধরিয়ে দিয়েছে।’
সাইদুল গাজী আরও বলেন, ‘দালাল রুবেল আমাদের পথে বসিয়ে দিয়েছে। এখন আবার আমাকে হয়রানি করতে থানায় পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের মিথ্যা অভিযোগ দিয়েছে। আমি এ ঘটনায় দালাল রুবেল হাওলাদার ও তার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করছি।’
প্রত্যক্ষদর্শী ইউসুফ মল্লিক, ‘নাশির উদ্দিন হাওলাদার, সুলতান গাজী ও আব্দুল হক মৃধা বলেন, দালাল রুবেল হাওলাদার আট লাখ টাকার চুক্তিতে সাইদুল গাজী ও তার ফুফাতো ভাই মামুনকে সৌদি আরব পাঠায়। সেখানে দালাল রুবেলের সহযোগীরা তাদের পাঁচ মাস আটকে রখে নির্যাতন করেছে। এ ঘটনায় রুবেল ও সাইদুলের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়েছে। কিন্তু এখন শুনতে পাচ্ছি, রুবেল থানায় সাইদুল গাজীর বিরুদ্ধে টাকা ছিনতাইয়ের মিথ্যা অভিযোগ দিয়েছে।’
দালাল রুবেল হাওলাদার দুই ভাইকে সৌদি আরবে পাঠানোর কথা স্বীকার করেছেন। তবে নির্যাতনের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘সাইদুল গাজী লোকজন নিয়ে আমাকে মারধর করে টাকা ছিনিয়ে নিয়েছে।’
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, ‘সৌদি আরবে নির্যাতন ও মুক্তিপণের অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মারধরের একটি অভিযোগ পেয়েছিলাম। বিষয়টির মীমাংসা হয়েছে।’

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে ১০ শ্রমিকের মৃত্যুর এক মাস পেরিয়ে গেছে। তবে স্বজনদের কান্না থামেনি। সন্তান হারানোর শোকে কাঁদছেন সানি জলদাসের মা আশোকী জলদাস। অন্যদিকে স্বামী পলাশ জলদাসকে হারিয়ে অনাগত সন্তানকে নিয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন তাঁর ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ভৌমি
৩ ঘণ্টা আগে
রাজধানীর মধ্য বাড্ডায় প্রায় দেড় মাস ওয়াসার সরবরাহ করা পানিতে ময়লা ও তীব্র দুর্গন্ধের অভিযোগ উঠেছে। বাসিন্দারা বলছেন, পানি ফুটিয়েও গন্ধ দূর হচ্ছে না। অনেকে খাওয়ার জন্য বোতলের পানি কিনতে বাধ্য হচ্ছেন। বিশুদ্ধ পানির সংকটের কারণে এলাকায় ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগের প্রকোপও বেড়েছে বলে জানিয়েছেন স্থা
৩ ঘণ্টা আগে
দিনাজপুরের ফুলবাড়ী ১০৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৭২টিতেই দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য। ফলে বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। এ ছাড়া ৮০টি বিদ্যালয়ে নেই কোনো নৈশপ্রহরী কাম দপ্তরি।
৩ ঘণ্টা আগে
বরিশালে মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে রোজা পরিবহন নামক একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ডোবায় পড়ে গেছে।
৫ ঘণ্টা আগে