ব্যবসায়ীদের বাড়ির সামনে চিরকুট, লেখা ‘আজ রাতে ডাকাতি করা হবে’

বরগুনা পৌর শহরের তিন ব্যবসায়ীর বাড়ির সামনে চিরকুট রেখে ডাকাতির হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। সাদা কাগজে লেখা এসব চিরকুট ঘিরে শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন ব্যবসায়ীরা।
আজ রোববার বিকেল ৪টার দিকে সোনা ব্যবসায়ী জুয়েল তালুকদার, চাল ব্যবসায়ী ও কার্যক্রম নিষিদ্ধ সাবেক আওয়ামী লীগ নেতা অমল কৃষ্ণ তালুকদার এবং চাল ব্যবসায়ী শঙ্কর তালুকদারের বাসার সামনে এসব চিরকুট পাওয়া যায়।
চিরকুটে লেখা ছিল, ‘আজকে রাতে এখানে ডাকাতি করা হবে, রেডি থাকবেন।’ চিরকুটের শেষে একটি ইমোজিও আঁকা ছিল।
এ ঘটনায় উদ্বেগ ও নিরাপত্তাহীনতার কথা জানিয়েছেন সোনা ব্যবসায়ী জুয়েল তালুকদার। তিনি বলেন, ‘চিরকুট পাওয়ার পর বিষয়টি সদর থানা, জেলা গোয়েন্দা পুলিশ ও এসআরবি-৮-কে জানানো হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা আমাদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছেন। পাশাপাশি চিরকুট রেখে যাওয়া ব্যক্তিদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।’
চাল ব্যবসায়ী শঙ্কর তালুকদার বলেন, ‘আমার কোনো শত্রু নেই। তারপরও কারা এভাবে চিরকুট দিয়ে গেছে, তা জানি না। বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। জেলা বিএনপির নেতাদেরও জানিয়েছি।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, ‘তিন ব্যবসায়ীর বাসার সামনে চিরকুট রেখে যাওয়ার বিষয়টি জানতে পেরেছি। কে বা কারা চিরকুটগুলো রেখে গেছে, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ওই বাসাগুলোর নিরাপত্তার বিষয়েও পুলিশ সতর্ক রয়েছে।’









