Ajker Patrika

সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদসহ আটক ৪, জব্দ নৌকা ও আড়াই মণ কাঁকড়া

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি 
সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদসহ আটক ৪, জব্দ নৌকা ও আড়াই মণ কাঁকড়া
হরিণ শিকারের ফাঁদসহ চার শিকারিকে আটক করেছেন বনরক্ষীরা। ছবি: সংগৃহীত

পূর্ব সুন্দরবনের মৃগামারী খাল থেকে হরিণ শিকারের ফাঁদসহ চার শিকারিকে আটক করেছেন বনরক্ষীরা। এ সময় একটি নৌকা, আড়াই মণ কাঁকড়া এবং কাঁকড়া ধরার ৫০টি নিষিদ্ধ চারু জব্দ করা হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে আটক ব্যক্তিদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপাই ফরেস্ট স্টেশন ও আন্ধারমানিক ইকো ট্যুরিজম কেন্দ্রের বনরক্ষীরা শনিবার ভোররাতে মৃগামারী খালে যৌথ অভিযান চালান। এ সময় একটি নৌকাসহ চার শিকারিকে হাতেনাতে আটক করা হয়।

অভিযানকালে নৌকায় তল্লাশি চালিয়ে ৩০০ ফুট হরিণ ধরার মালা ফাঁদ, সাতটি ঝুড়িতে রাখা আড়াই মণ কাঁকড়া, কাঁকড়া ধরার ৫০টি নিষিদ্ধ চারুসহ অন্য সরঞ্জাম জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মোংলা উপজেলার দক্ষিণ চিলা গ্রামের ফরিদ হাওলাদার (৩০), আতাউর খান (২৮), মোজাম জোমাদ্দার (২৯) ও রুহুল জোমাদ্দার (৩০)। বন বিভাগের দাবি, ফরিদ হাওলাদারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করীম চৌধুরী বলেন, বর্তমানে সুন্দরবনে মাছ আহরণে তিন মাসের নিষেধাজ্ঞা চলছে। এ নিষেধাজ্ঞা অমান্য করে আটক ব্যক্তিরা অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে হরিণ শিকারের চেষ্টা চালানোর পাশাপাশি কাঁকড়া আহরণ করছিলেন। তাঁদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত