
বাগেরহাটের চিতলমারীতে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত উপজেলা জিয়া মঞ্চের সভাপতি নিজাম কাজী (৪৫) মারা গেছেন। এ ঘটনায় আহত উভয় পক্ষের চারজন চিকিৎসাধীন রয়েছেন।
আজ বুধবার বেলা ১১টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিজাম কাজী মারা যান। নিজাম কাজী হিজলা মাঠপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
এ ঘটনায় নিজামের বড় ভাই বিএনপি নেতা মো. জামাল কাজী বাদী হয়ে থানায় মামলা করেছেন। পুলিশ মামলার প্রধান আসামি মো. সাইফুল মোল্লাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
এদিকে নিজাম কাজীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দুপুরে আসামিপক্ষের তিনটি বাড়িঘরে অগ্নিসংযোগ করে প্রতিপক্ষ। খবর পেয়ে তাৎক্ষণিক যৌথ বাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার রাত ৯টায় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. জামাল কাজী ও হিজলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রার্থী মো. সাইফুল মোল্লার লোকজনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে জামাল কাজীর ভাই উপজেলা জিয়া মঞ্চের সভাপতি নিজাম কাজী (৪৫), হিজলা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক নওশের কাজী (৪০), জামাল কাজীর ছেলে হিজলা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ছাব্বির কাজী (৩০), সাইফুল পক্ষের হিটলু শেখ (৫৫), এনায়েত শেখ ও সুবিয়ান শেখ (৪০) আহত হন।
রাতেই আহতদের চিতলমারী, টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। নিজাম কাজীর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে বুধবার বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নিজাম কাজী মারা যান। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দুপুরে উত্তেজিত জনতা আসামিপক্ষের রফিক শেখ, রশিদ শেখ ও সাইফুল মোল্লার বাড়িতে অগ্নিসংযোগ করে।

নিজাম কাজীর ভাই মো. জামাল কাজী বলেন, ‘মঙ্গলবার রাতে তাঁর ভাই নিজামসহ অন্যরা বসে ছিলেন। এ সময় পূর্বপরিকল্পিতভাবে সাইফুল মোল্লাসহ ৩০-৩৫ জন আমাদের ওপর অতর্কিত হামলা করেন। হামলায় আমার দুই ভাই ও ছেলে গুরুতর আহত হয়।’
জানা গেছে, নিহত নিজাম কাজীর তানভির আহম্মেদ নামের বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এক ছেলে ও তাজিম আক্তার নামের দ্বাদশ শ্রেণিতে পড়ুয়া এক মেয়ে সন্তান রয়েছে। ঢাকায় তাঁর মরদেহের ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়ি হিজলা ঈদগাঁ মাঠ কবরস্থানে দাফন সম্পন্ন হবে।
বাগেরহাট জেলা জিয়া মঞ্চের সভাপতি শিকদার ইমরান বলেন, ‘নিহত নিজাম কাজী চিতলমারী উপজেলা জিয়া মঞ্চের সভাপতি ছিলেন। আমি এই ন্যক্কারজনক হত্যার বিচার চাই।’
চিতলমারী উপজেলা বিএনপির আহ্বায়ক মোমিনুল হক টুলু বিশ্বাস বলেন, ‘দলীয় বিষয় নিয়ে কোনো ঘটনা নয়। এলাকায় বংশীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে উভয়কে শান্ত থাকতে বলেছি।’
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন বলেন, ‘নিহতের বড় ভাই জামাল কাজী বাদী হয়ে থানায় মামলা করেছেন। আমরা প্রধান আসামি সাইফুল মোল্লাসহ তিনজনকে গ্রেপ্তার করেছি। অগ্নিসংযোগের খবর পেয়ে তাৎক্ষণিক যৌথ বাহিনী, ফায়ার সার্ভিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ছয় মাসের মধ্যে দেশের সব ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হবে। একই সঙ্গে দেশের প্রতিটি উপজেলা হাসপাতালে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে, যাতে কিডনি রোগীদের চিকিৎসার জন্য ঢাকামুখী হতে না হয়।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে রাতের আঁধারে অয়েল ট্যাংকার থেকে ডিজেল চুরি করে বিক্রির সময় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১২ হাজার ৭০০ লিটার চোরাই ডিজেল জব্দ করেছে নৌ পুলিশ। জব্দ করা জ্বালানির আনুমানিক মূল্য ১ কোটি ১৪ লাখ টাকা।
১ ঘণ্টা আগে
খুলনার রূপসা উপজেলার ওয়াপদা বেড়িবাঁধ সড়কে দুর্বৃত্তদের গুলিতে আহত দশম শ্রেণির ছাত্রী ইতি (১৮) জেলার অন্যতম শীর্ষ সন্ত্রাসী গ্রুপ ‘আশিক বাহিনী’র প্রধান আশিকের আপন বোন বলে জানিয়েছে পুলিশ। তবে ঘটনার পরও পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি।
৩ ঘণ্টা আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নে বসতবাড়ির বিদ্যুৎ লাইন মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে পূর্ব ছাপড়হাটী বামনটারি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে