Ajker Patrika

ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে একযোগে পরিচ্ছন্নতা অভিযান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ৪৮
ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে একযোগে পরিচ্ছন্নতা অভিযান
রাজধানীর মতিঝিলের এজিবি কলোনি এলাকায় ‘ক্লিনিং ডে’ কর্মসূচির উদ্বোধন। ছবি: আজকের পত্রিকা

ডেঙ্গু প্রতিরোধে সারা দেশে তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডে একযোগে বিশেষ পরিচ্ছন্নতা ও মশকনিধন অভিযান চালানো হয়েছে। আজ শনিবার সকালে রাজধানীর মতিঝিলের এজিবি কলোনি এলাকায় ‘ক্লিনিং ডে’ কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম।

উদ্বোধনী বক্তব্যে মো. আবদুস সালাম বলেন, সিটি করপোরেশন সপ্তাহের সাত দিনই পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখবে। নাগরিক সমাজ ও অন্যান্য সামাজিক প্রতিষ্ঠান প্রতি শনিবার ডেঙ্গু প্রতিরোধে ভূমিকা রাখবে। সমাজের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা গেলে ডেঙ্গু সম্পূর্ণ প্রতিরোধ করা সম্ভব।

সরকারি আবাসিক এলাকায় নিরবচ্ছিন্ন পরিচ্ছন্নতা বজায় রাখতে গণপূর্ত অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করেন ডিএসসিসি প্রশাসক। সামাজিক দায়বদ্ধতা থেকে ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসতে সরকারি, বিরোধী দলসহ সব রাজনৈতিক দলের প্রতিও আহ্বান জানান তিনি।

ডেঙ্গুর প্রাদুর্ভাব কমাতে প্রতি শনিবার ডিএসসিসির প্রতিটি ওয়ার্ডে একইভাবে ‘ক্লিনিং ডে’ পরিচালিত হচ্ছে। কর্মসূচির মূল লক্ষ্য এডিস মশার প্রজননস্থল ধ্বংস, মশকনিধন জোরদার ও নগরবাসীর মধ্যে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করা।

ডিএসসিসির কর্মকর্তারা জানান, কর্মসূচিতে সংস্থাটির ১০টি অঞ্চলের ৭৫টি ওয়ার্ডের বাসাবাড়ি, সড়ক, অলিগলি, ড্রেন, নির্মাণাধীন ভবন, পার্কিং এলাকা ও পরিত্যক্ত স্থাপনায় নিবিড় তদারকি চালানো হয়। জমে থাকা পানি অপসারণ ও এডিসের লার্ভা পাওয়া গেলে তা ধ্বংস করা হয়।

পানি জমার উপযোগী ডাব-নারকেলের খোসা, প্লাস্টিকের বোতল, পরিত্যক্ত টায়ার ও ফুলের টবও অপসারণ করা হয়। অভিযানকালে এলাকায় লার্ভিসাইডিং ও অ্যাডাল্টিসাইডিং প্রয়োগের পাশাপাশি জমানো ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।

নাগরিকদের সম্পৃক্ত করতে ৭৫টি ওয়ার্ডেই একযোগে সচেতনতামূলক র‌্যালি ও লিফলেট বিতরণ করা হয়েছে। কর্মকর্তা-কর্মচারী, মশকনিধনকর্মী ও স্থানীয় নাগরিকদের অংশগ্রহণে আয়োজিত র‌্যালিগুলো থেকে বাসাবাড়ি ও চারপাশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

ডেঙ্গুর ঝুঁকি থেকে নগরীকে মুক্ত রাখতে নিজ নিজ বাসাবাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে ডিএসসিসি কর্তৃপক্ষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত