
ঘড়ির কাঁটায় রাত ১২টা। ঘুমাতে বিছানায় গিয়েছেন পরিবারের সদস্যরা। হঠাৎ খাটের নিচ থেকে ভেসে আসে অদ্ভুত শব্দ। শব্দ শুনে খাটের নিচে তাকাতেই দেখা মেলে প্রায় ১৬ ফুট লম্বা বিশাল আকৃতির একটি অজগর সাপের। এমন ঘটনা ঘটেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শ্রীমঙ্গল উপজেলার ইছবপুর এলাকায় মিতালি ডেকোরেটার্সের মালিক প্রয়াত হারুন মিয়ার বাসায় এ ঘটনা ঘটে। ঘুমাতে যাওয়ার সময় খাটের নিচ থেকে হঠাৎ শব্দ শুনতে পান পরিবারের সদস্যরা। পরে সেখানে তাকিয়ে বিশাল আকৃতির অজগরটি দেখতে পান তাঁরা। এতে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরিবারের সদস্যরা চিকিৎসক প্রলাদ বাবুকে ফোন করে বিষয়টি জানান। প্রলাদ বাবু বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনকে বিষয়টি জানিয়ে মধ্যরাতে সাপটি উদ্ধারের অনুরোধ করেন। খবর পাওয়ার সময় ফাউন্ডেশনের সদস্যরা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়েই ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেন।
পরে তাঁরা ঘটনাস্থলে গিয়ে খাটের নিচ থেকে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৬ ফুট এবং ওজন প্রায় ২৬ কেজি।
পরে অজগরটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, সাম্প্রতিক সময়ে একের পর এক সাপ লোকালয়ে চলে আসায় তাঁরা উদ্বিগ্ন। মানুষের বসতবাড়ি ও আশপাশের এলাকায় সাপের উপস্থিতি বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক বাড়ছে। এ পরিস্থিতিতে সাপ দেখলে আতঙ্কিত না হয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে দ্রুত ফাউন্ডেশন বা সংশ্লিষ্ট বন বিভাগের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।
শ্রীমঙ্গল বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সাপটিকে বনে অবমুক্ত করা হবে।

স্বৈরাচার বিদায় হলেও ষড়যন্ত্র থেমে নেই উল্লেখ করে খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেছেন, প্রশাসনের ভেতরে এখনো ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে বসে আছে এবং দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে...
১ মিনিট আগে
বগুড়ার শেরপুরে গোয়ালঘরে আগুন লেগে পাঁচটি গরু ও সাতটি ভেড়া পুড়ে মারা গেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার খানপুর ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে প্রায় ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন গবাদিপশুর মালিক মো. দবিবুর রহমান।
৫ মিনিট আগে
চাঁদপুরের কচুয়া উপজেলার গাজীর বাজারে আগুনে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে আশ্রাফপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ অগ্নিকাণ্ড ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
১৯ মিনিট আগে
রাজধানীর তেজগাঁও কলেজের মসজিদ থেকে আটক ২৩ জনের মধ্যে ১১ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে শেরে বাংলা নগর থানা-পুলিশ। আজ শনিবার দুপুরে শেরে বাংলা নগর থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত ২৩ জনের মধ্য থেকে ১১ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
২১ মিনিট আগে