Ajker Patrika

অটোরিকশা গ্যারেজে তল্লাশি, অবৈধ বিদ্যুৎ সংযোগে মাসে আয় ২০ হাজার টাকা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
অটোরিকশা গ্যারেজে তল্লাশি, অবৈধ বিদ্যুৎ সংযোগে মাসে আয় ২০ হাজার টাকা
রায়েরবাজার এলাকায় রোববার রাতে অবৈধ ছয়টি অটোরিকশা গ্যারেজে অভিযান চালায় পুলিশ। ছবি: সংগৃহীত

অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে গ্যারেজ থেকে মাসে ২০ হাজার টাকা করে আদায় করার অভিযোগে রায়েরবাজারে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অভিযানে ছয়টি অবৈধ অটোরিকশা গ্যারেজে তল্লাশি চালিয়ে চারটিতে চোরাই বিদ্যুৎ ব্যবহারের তথ্য পাওয়া গেছে। এ সময় এক গ্যারেজ মালিককে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার বিষয়টি নিশ্চিত করে ডিএমপি।

ডিএমপি জানায়, রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ডিএমপির তেজগাঁও বিভাগের ট্রাফিক ও ক্রাইম ইউনিটের সঙ্গে ডিপিডিসি, ডেসকোসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা অভিযানে অংশ নেয়।

ট্রাফিক তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, রায়েরবাজার এলাকায় অবৈধ ছয়টি অটোরিকশা গ্যারেজে অভিযান চালানো হয়। এর মধ্যে দুটি গ্যারেজের বিদ্যুৎ সংযোগ সঠিক পাওয়া গেলেও বাকি চারটিতে চুরি করে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছিল। পরে ঘটনাস্থল থেকে এক গ্যারেজ মালিককে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, চোরাই বিদ্যুৎ সংযোগ সরবরাহকারী রবিউল নামে এক ব্যক্তির বিরুদ্ধেও অভিযান চলছে। তিনি রায়েরবাজার এলাকার এসব গ্যারেজে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রতিটি গ্যারেজ থেকে মাসে ২০ হাজার টাকা করে আদায় করতেন বলে অভিযোগ রয়েছে।

অভিযানে তেজগাঁও ট্রাফিক বিভাগের আওতাধীন মোহাম্মদপুর ট্রাফিক জোনের ২০ জন সদস্য অংশ নেন।

ডিএমপি জানিয়েছে, অবৈধ অটো রিকশা গ্যারেজ এবং চোরাই বিদ্যুৎ ব্যবহারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত