
দিনাজপুরের ফুলবাড়ীতে লিজ নেওয়া একটি পুকুর থেকে প্রায় ছয় লাখ টাকার মাছ লুটের অভিযোগ করেছেন এক মৎস্যচাষি। এ ঘটনায় প্রশাসনের সহযোগিতা না পাওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলনের মাধ্যমে ক্ষতিপূরণ ও জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদসংলগ্ন রাবেয়া কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী মৎস্যচাষি পূর্ণ চন্দ্র দাস।
লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ ২৪ বছর ধরে উপজেলার কাজিহাল ইউনিয়নের ১ নম্বর খতিয়ানের ১৬০৮ নম্বর দাগের সাড়ে চার একর আয়তনের অর্পিত সম্পত্তির পুকুর সরকারি নিয়মে ইজারা নিয়ে মাছ চাষ করে আসছেন।
তিনি জানান, গত ২৩ জুলাই উপজেলার ৬৪টি অর্পিত পুকুরের ইজারা নিলাম অনুষ্ঠিত হয়। ওই নিলামে তিনি অংশ নিলেও নুরুল ইসলাম নামে একজন সর্বোচ্চ দরদাতা হিসেবে প্রাথমিকভাবে নির্বাচিত হন। তবে সরকারের কোষাগারে ইজারার অর্থ জমা দেওয়ার আগেই গত ২৭ জুলাই রাতে নুরুল ইসলাম ও তাঁর লোকজন ইজারা কমিটির যোগসাজশে তাঁর পুকুর থেকে প্রায় ছয় লাখ টাকার মাছ তুলে নিয়ে যান বলে অভিযোগ করেন তিনি।
পূর্ণ চন্দ্র দাসের দাবি, ঘটনার সময় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারের (ভূমি) সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাননি। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গেলেও কোনো ব্যবস্থা নেয়নি। এমনকি ঘটনাস্থলে মাছবোঝাই ব্যাগ ও জাল দেখেও পুলিশ কাউকে আটক করেনি বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, পরদিন সহকারী কমিশনারের (ভূমি) সঙ্গে দেখা করলে তিনি দেওয়ানি আদালতে মামলা করার পরামর্শ দেন।
সংবাদ সম্মেলনে পূর্ণ চন্দ্র দাস ক্ষতিপূরণ, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সংশ্লিষ্ট ভূমি অফিসের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী ও জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত নুরুল ইসলাম। তিনি বলেন, ‘পূর্ণ চন্দ্র দাসের ইজারার মেয়াদ চার মাস আগেই শেষ হয়েছে। তিনি পুকুরের পানি সেচে মাছ ধরছিলেন। আমি শুধু এতে বাধা দিয়েছি। আমি মাছ লুট করেছি—এমন অভিযোগের কোনো ভিত্তি নেই। পুলিশ যদি ঘটনাস্থলে গিয়ে থাকে, তাহলে জাল ও পিকআপ জব্দ বা কাউকে আটক করেনি কেন?’
এ বিষয়ে জানতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সামিউল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ হাছান বলেন, ‘ভুক্তভোগী আমার কাছে সরাসরি কোনো অভিযোগ করেননি। তবে সহকারী কমিশনার (ভূমি) বিষয়টি জানিয়েছিলেন। আমি তাকে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছি।’
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, ‘মাছ লুট বা পুলিশ মাছ নিয়ে এসেছে—এ ধরনের কোনো অভিযোগ আমার জানা নেই। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সুন্দরবনে মাছ ধরায় নিষেধাজ্ঞা চললেও তা উপেক্ষা করে অবাধে শিকার চালিয়ে যাচ্ছেন এক শ্রেণির জেলে। বন বিভাগের ধারাবাহিক অভিযানে দুই দিনের ব্যবধানে শেলারচর বনাঞ্চলে আরও একটি অবৈধ শুঁটকি মাচা (রং ঘর) গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
৬ মিনিট আগে
নরসিংদীর মনোহরদী উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধ ও রাস্তার পাশের গাছ কাটাকে কেন্দ্র করে মারধরে মিজান মিয়া (৪৫) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। স্থানীয় এক আওয়ামী লীগ নেতা শহীদুল্লাহ ও তার ছেলে জীবনের মারধরে মিজান মারা যান বলে অভিযোগ উঠেছে।
৭ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের উদ্যোগে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৩১ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান মাজেদ।
১০ মিনিট আগে
সড়ক দুর্ঘটনায় রাতুলের মৃত্যুর শোক এখনো কাটেনি। স্বজনেরা তখনো হাসপাতালে ছুটছেন রাতুলের ভাই স্বাধীনকে বাঁচানোর আশায়। কিন্তু রাত পেরোতেই এল আরও নির্মম সংবাদ। চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন স্বাধীনও। কয়েক ঘণ্টার ব্যবধানে দুই সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছে রাজশাহীর মোহনপুর উপজেলার সাঁকোয়া মহল্লার একটি
১১ মিনিট আগে