Ajker Patrika

সখীপুরে বিদ্যুৎ অফিসের আলোচিত ঠিকাদার স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
সখীপুরে বিদ্যুৎ অফিসের আলোচিত ঠিকাদার স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
অন্তর আহমেদ। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুর বিদ্যুৎ কার্যালয়ের আলোচিত ঠিকাদার ও কার্যক্রম নিষিদ্ধ পৌর স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক অন্তর আহমেদকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (১৪ মার্চ) পুলিশ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

এর আগে গতকাল শুক্রবার রাত ৯টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। অন্তর আহমেদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে করা মামলার এজাহারভুক্ত আসামি। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লার অন্তর আহমেদের বেড়ে ওঠা ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ি গ্রামের নানার বাড়িতে। ২০০৪ সালে সখীপুরে এসে তিনি প্রথমে ভ্যানগাড়ি চালিয়ে সংসার চালাতেন। ভ্যান দিয়ে বিদ্যুৎশ্রমিকদের মই টানার কাজ শুরু করেন। এভাবে বিদ্যুৎ অফিসের লোকজনের সঙ্গে পরিচয় হলে বাসাবাড়িতে বিদ্যুতের বিল বিতরণের কাজ নেন তিনি। এ কাজ করতে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে তাঁর সখ্য গড়ে ওঠে। ফলে স্থানীয় বিদ্যুৎ লাইন, গ্রাহকের নতুন মিটার করে দেওয়া এবং ট্রান্সফরমার প্রতিস্থাপনের কাজে তদবির করে মোটা অঙ্কের টাকা কামানোর রাস্তা খুলে যায় তাঁর।

আরও জানা গেছে, অন্তর এরপর ধীরে ধীরে ঠিকাদারদের কাজ বাগিয়ে আনতে শুরু করেন। এ কাজের সুবাদে তিনি তৎকালীন আওয়ামী লীগের বড় বড় নেতার সঙ্গে সখ্য তৈরি করেন। আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে সখীপুর পিডিবি অফিসে নিজস্ব সিন্ডিকেট তৈরি করে বিপুল অর্থ উপার্জন শুরু করেন তিনি। ২০২৩ সালের দিকে অন্তর আহমেদ গাড়ি-বাড়ির মালিক হয়ে যান। ব্যক্তিগতভাবে ব্যবহার করতে শুরু করেন টয়োটা ব্র্যান্ডের নতুন প্রাইভেট কার। তবে ২০২৪ সালে আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি আত্মগোপনে চলে যান।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, অন্তর দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। শুক্রবার রাতে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। অন্তর আহমেদকে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত