Ajker Patrika

৯ অক্টোবর রায়পুরায় ম্যারাথন, দৌড়াবেন দেশি-বিদেশি প্রায় হাজার দৌড়বিদ

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি 
৯ অক্টোবর রায়পুরায় ম্যারাথন, দৌড়াবেন দেশি-বিদেশি প্রায় হাজার দৌড়বিদ
‘রায়পুরা ম্যারাথন ২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিথিরা। ছবি: আজকের পত্রিকা

নরসিংদীর রায়পুরায় ৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রায়পুরা ম্যারাথন ২০২৬’। উপজেলা প্রশাসন ও রায়পুরা রানার্স কমিউনিটির যৌথ আয়োজনে এবারের ম্যারাথনে দেশি-বিদেশি প্রায় এক হাজার দৌড়বিদ অংশ নেওয়ার কথা রয়েছে। চারটি ক্যাটাগরিতে প্রতিযোগিতার পাশাপাশি এতিম শিক্ষার্থীদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সহায়তার উদ্যোগও থাকছে এবারের আয়োজনে।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলা হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল। এ ছাড়াও উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ইউএনও মো. মাসুদ রানা বলেন, এবারের ম্যারাথনে ৪২ কিলোমিটার ফুল ম্যারাথন, ২১ কিলোমিটার হাফ রেস, ১০ কিলোমিটার রেস এবং ১ কিলোমিটার ফ্যামিলি রেস—এই চারটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা হবে। ফ্যামিলি রেসে শিশু ও পরিবারের সদস্যরা অংশ নিতে পারবে। দূরদর্শী পরিকল্পনা এবং দেশি-বিদেশি দৌড়বিদ ও তরুণ ক্রীড়ামোদীদের অংশগ্রহণে রায়পুরা ম্যারাথন এখন শুধু দৌড় প্রতিযোগিতায় সীমাবদ্ধ নেই। এটি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সামাজিক সম্প্রীতির একটি বড় আয়োজন হিসেবে গড়ে উঠছে।

রায়পুরা রানার্স কমিউনিটির রেস ডিরেক্টর সবুজ শিকদার বলেন, প্রতিবছরই এ আয়োজনে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ছে। এ ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে রায়পুরা ম্যারাথন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের পরিচিত ক্রীড়া ইভেন্টে পরিণত হবে। ক্রীড়ার সঙ্গে মানবিক কল্যাণকে যুক্ত করাই এবারের আয়োজনের অন্যতম লক্ষ্য।

সবুজ শিকদার আরও বলেন, ম্যারাথনের চ্যারিটি পার্টনার হিসেবে রয়েছে অরফান লাভ ফাউন্ডেশন। রেজিস্ট্রেশন ফি-এর একটি অংশ এতিম শিক্ষার্থীদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় ব্যয় করা হবে। এ উদ্যোগে সংহতি জানিয়ে অনেক দৌড়বিদ অতিরিক্ত ফি দিয়েও ম্যারাথনে অংশ নিচ্ছেন। ২০২৩ সালে ৪০০ রানার নিয়ে রায়পুরা হাফ ম্যারাথনের যাত্রা শুরু হয়। ২০২৪ সালে অংশ নেন ৭০০ জন। ২০২৫ সালে এ সংখ্যা বেড়ে ৮০০ ছাড়িয়ে যায়। এবার অংশগ্রহণকারীর সংখ্যা আরও বাড়ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত