
পিরোজপুরের নেছারাবাদে ৪০টি পরিবারের দীর্ঘদিনের চলাচলের রাস্তার মাঝখানে ইটের দেয়াল নির্মাণ ও টিনের বেড়া দিয়ে পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে নারী, শিশুসহ ওই পারিবারগুলোর সদস্যরা চরম দুর্ভোগে পড়েছেন। বাধ্য হয়ে কেউ দেয়াল টপকে, আবার কেউ টিনের বেড়া পার হয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন।
ঘটনাটি ঘটেছে স্বরূপকাঠি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আচার্য্যপাড়া এলাকায়। স্থানীয় সুব্রত আচার্য্য ও সোহাগ আচার্য্যের বিরুদ্ধে রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তাটি বহু পুরোনো এবং সরকারি খাসজমির ওপর দিয়ে দীর্ঘদিন ধরে মানুষ চলাচল করে আসছেন। এটি বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ৪০ থেকে ৪২টি পরিবার কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। বিকল্প কোনো পথ না থাকায় নারী, শিশু ও শিক্ষার্থীদের দেয়াল ও টিনের বেড়া টপকে চলাচল করতে হচ্ছে।
বিষয়টির প্রতিকার চেয়ে ১১২ জন স্থানীয় বাসিন্দা গণস্বাক্ষর করে আদালতের শরণাপন্ন হয়েছেন। আদালত সংশ্লিষ্ট সবাইকে শান্তিপূর্ণভাবে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বলে স্থানীয়রা জানান।
স্থানীয়দের দাবি, গত বৃহস্পতিবার পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিনের বেড়া দেখে তা সরিয়ে দেওয়ার অনুরোধ করলেও অভিযুক্তরা এতে সাড়া দেননি।
ভুক্তভোগী মো. খাইরুল ইসলাম বলেন, ‘এটি আমাদের বহু বছরের চলাচলের রাস্তা। এই পথ দিয়ে প্রায় ২০০ মানুষ নিয়মিত চলাচল করেন। হঠাৎ রাস্তার মাঝখানে ইটের দেয়াল ও টিনের বেড়া দেওয়া হয়েছে। এখন নারী, শিশু ও স্কুলশিক্ষার্থীদেরও দেয়াল-বেড়া টপকে চলাচল করতে হচ্ছে। এতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।’

স্থানীয় বাসিন্দা পলাশ কুমার দাস জানান, তিনি প্রায় ১৫ বছর ধরে ওই এলাকায় বসবাস করছেন। তাঁর ভাষ্য, স্থানীয়দের চলাচলের জন্য ওই রাস্তা ছাড়া বিকল্প কোনো পথ নেই। রাস্তা বন্ধ করে দেওয়ায় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জমিটি খাস বলে তাঁরা জানেন।
তবে রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন সুব্রত আচার্য্য ও সোহাগ আচার্য্য। তাঁদের দাবি, ফিরোজ নামে এক ব্যক্তি জোরপূর্বক ওই জায়গা দিয়ে রাস্তা নেওয়ার চেষ্টা করছেন। তাঁরা বলেন, ‘কারও জমি দিয়ে চলাচল করতে হলে আপসের মাধ্যমে বিষয়টির সমাধান করতে হবে।’
এ বিষয়ে নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান মাহমুদ বলেন, ঘটনাস্থলে প্রায় চার শতক খাস জমি রয়েছে। তবে রাস্তার জায়গাটি খাস জমির মধ্যে পড়েছে কি না, তা সরেজমিনে মাপজোখ করে নিশ্চিত হতে হবে। তিনি বলেন, ‘খাস জমির অংশ যদি রাস্তার মধ্যে পড়ে থাকে, তাহলে সেখানে কেউ বেড়া দিয়ে জনসাধারণের চলাচল বন্ধ করতে পারেন না।’
দীর্ঘদিনের চলাচলের পথ বন্ধ থাকায় দ্রুত জমির সীমানা নির্ধারণ, আদালতের নির্দেশনা বাস্তবায়ন এবং জনসাধারণের চলাচলের রাস্তা উন্মুক্ত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামিল হোসেন জানান, আনোয়ার হোসেন শহীদনগরের ৩ নম্বর গলির মনির হোসেনের বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ ভাড়া নিয়ে একাই থাকতেন। গত ১ সেপ্টেম্বর ওই বাসায় থাকা শুরু করেন। তিনি অবিবাহিত ছিলেন।
৬ মিনিট আগে
শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘নবীন বরণ আয়োজনের আড়ালে নবীন শিক্ষার্থীদের হাতে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ রাজনৈতিক মতাদর্শের বই তুলে দেওয়া অত্যন্ত উদ্বেগজনক। বিশেষ করে গোলাম আযম, যিনি ১৯৭১ সালে বাংলাদেশের...
৩৮ মিনিট আগে
১ সেপ্টেম্বর থেকে পদ্মা নদীর পানি বাড়তে শুরু করে। পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে চকরাজাপুর ইউনিয়নের বিভিন্ন চরাঞ্চলে শুরু হয় নদীভাঙন। এতে চকরাজাপুর, কালিদাসখালী, লক্ষ্মীনগর, দাদপুর, নিচ পলাশি, পলাশি ফতেপুর, আতারপাড়া, চৌমাদিয়া ও দিয়ারকাদিরপুরসহ ১৫টি চরের প্রায় ১ হাজার ২০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
৪১ মিনিট আগে
জাতীয় ঈদগাহর প্রধান ফটকের সামনের ফুটপাত এবং কদম ফোয়ারা মোড় থেকে মরদেহ দুটি উদ্ধার করে শাহবাগ থানা-পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য দুটি মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে