সিলেটে জুতার দোকান সিলগালা

সিলেট নগরীর জিন্দাবাজারে জালিয়াতির অভিযোগে একটি জুতার দোকানকে সিলগালা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ রোববার দুপুরের দিকে অভিাযান চালিয়ে দোকানটিকে সিলগালা করা হয়। দোকানটির বিরুদ্ধে ট্রেড লাইসেন্স, সাইনবোর্ড, মেমোসহ অন্যান্য নথিপত্র জালিয়াতির অভিযোগ উঠেছে।
জানা গেছে, জিন্দাবাজারের মিতালি ম্যানশনে ব্যানারে ইংরেজিতে ‘স্টেপ’ লেখা জুতার দোকানে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় তাদের লাইসেন্স লোগো ক্যাশ মেমোসহ অন্যান্য কাগজপত্র পাওয়া যায় ‘পায়ে পায়ে’ নামক জুতার দোকানের। ব্যানারে লোগোটিও নকল। এ ব্যাপরে জিজ্ঞাসাবাদে কর্তৃপক্ষ সন্তোষজনক কোনো জবাব দিতে না পারায় তাৎক্ষণিকভাবে দোকানটি সিলগালা করা হয়।
অভিযানের নেতৃত্বে ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। তাঁকে সহযোগিতা করে সিলেট মহানগর পুলিশের একটি দল।
সিলগালার বিষয়টি নিশ্চিত করে দেবানন্দ সিনহা জানান, কর্তৃপক্ষকে তিন দিনের সময় দেওয়া হয়েছে। এর মধ্যে যথাযথভাবে কাগজপত্র বা অন্যান্য ডকুমেন্ট জমা দেওয়া হলে দোকানটি খুলে দেওয়া হবে।









