Ajker Patrika

কুষ্টিয়ায় ৩২ ঘণ্টা পর পরিবহনশ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

কুষ্টিয়া প্রতি‌নিধি
আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ১৪: ৫২
কুষ্টিয়ায় ৩২ ঘণ্টা পর পরিবহনশ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় প‌রিবহনশ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবির‌তি প্রত্যাহারের পর বাস চলাচল শুরু হ‌য়ে‌ছে। আজ শ‌নিবার (১৮ এপ্রিল) সকাল থেকে পুলিশ সুপারের সঙ্গে কুষ্টিয়া জেলার পরিবহনমালিক ও শ্রমিকনেতাদের বৈঠক শেষে বেলা ১টার দিকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। বৈঠক শেষে কুষ্টিয়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল হক আজ‌কের প‌ত্রিকা‌কে এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

এর আগে দুই দফা দা‌বি আদা‌য়ে গত বৃহস্প‌তিবার সন্ধ্যা য় বাস চলাচল বন্ধের ঘোষণা দেন পরিবহনশ্রমিকেরা। শুক্রবার ভোর ৫টা থেকে অভ্যন্তরীণ সব রুটে কুষ্টিয়ার মালিক গ্রুপ ও মালিক সমিতির যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়। এতে কুষ্টিয়া-মেহেরপুর, কুষ্টিয়া-প্রাগপুর রুটে বাস চলাচল পুরোপুরি বন্ধ ছিল। এ ছাড়া কুষ্টিয়া-খুলনা-যশোর, কুষ্টিয়া-রাজবাড়ী, কুষ্টিয়া-বরিশাল, কুষ্টিয়া-রাজশাহী, কুষ্টিয়া-পাবনা-সিরাজগঞ্জসহ অন্যান্য রুটে মালিক গ্রুপ ও মালিক সমিতির কোনো বাস ছেড়ে যায়নি। তবে ঢাকাগামী দূরপাল্লার বাসগুলো চলেছে।

প‌রিবহনশ্রমি‌কেরা বল‌ছেন, দুটি দাবিতে এক সপ্তাহ আগে মালিক গ্রুপের সঙ্গে বৈঠক হয়েছে। এর একটি হল পরিবহনসংশ্লিষ্ট মালিক যেসব সুযোগ-সুবিধা নেয় শ্রমিকদেরও একই সুযোগ-সুবিধা দিতে হবে। দ্বিতীয়ত শ্রমিক সংগঠনের নামে একটি বাস কুষ্টিয়া থেকে খুলনা রুটে চলাচল করার অনুমোদন দিতে হবে। ১৫ এপ্রিলের মধ্যে দাবি মেনে নেওয়ার আলটিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু দাবি না মানায় শুক্রবার সকাল থেকে মালিক গ্রুপ ও মা‌লিক স‌মি‌তির বাস-মিনিবাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়।

এ পরিস্থিতিতে শনিবার বেলা ১১টায় বাস মালিক-শ্রমিকেরা জেলা পুলিশ সুপার (এসপি) জসীম উদ্দিনের সঙ্গে বৈঠকে ব‌সেন। প্রায় দুই ঘণ্টা চলা বৈঠ‌কে দা‌বি মে‌নে নেওয়ার আশ্বাসে কর্মবির‌তি প্রত্যাহা‌রের ঘোষণা দেন শ্রমিকেরা।

কু‌ষ্টিয়া বাস-‌মি‌নিবাস মা‌লিক গ্রু‌পের সভাপ‌তি আক্তার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রমিকদের সঙ্গে বৈঠক হয়েছে। তাঁদের দাবির ব্যাপারে ইতিবাচক থাকায় তাঁরা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন জানতে পেরেছি। জরুরি কাজে ঢাকায় অবস্থান করায় বৈঠকে উপস্থিত থাকতে না পারলেও আমাদের অন্য নেতারা উপস্থিত ছিলেন।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত