শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বাতিল করা হয়েছে। ওই আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদল মারা যাওয়ায় নির্বাচন বাতিল করা হয়।
আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান এ-সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেছেন।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬-এর ১৪৫, শেরপুর-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান মৃত্যুবরণ করায় গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ১৭(১) অনুসারে ১৪৫, শেরপুর-৩ সংসদীয় আসনের নির্বাচনী কার্যক্রম বাতিল করা হলো।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জহিরুল হক স্বাক্ষরিত আরেক গণবিজ্ঞপ্তিতে ঝিনাইগাতী উপজেলার ভোট গ্রহণ কর্মকর্তাদের ৪ ও ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় প্রশিক্ষণ স্থগিত করা হয়েছে।
এর আগে দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ ওই আসনের সংসদ নির্বাচন স্থগিত ঘোষণার কথা জানান।
নির্বাচন বাতিল প্রসঙ্গে জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান বলেন, ‘এই মুহূর্তে নির্বাচন নিয়ে কোনো কিছু বলার মতো অবস্থায় আমরা নেই।’
বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল নুরুজ্জামান বাদলের জানাজায় অংশ নিয়ে বলেন, ‘তিনি আমার ভাইয়ের মতো ছিলেন। আমরা দীর্ঘদিন নিভৃতে অনেক সময় কাটিয়েছি। আমি তাঁর আত্মার মাগফিরাত কামনা করি।’ তবে নির্বাচনের বিষয়ে তিনি তাৎক্ষণিক কিছু বলেননি।
শেরপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তরফদার মাহমুদুর রহমান জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী, ভোট গ্রহণের আগে কোনো বৈধ মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করলে সংশ্লিষ্ট আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত করতে হয়। সেই আইনানুযায়ী শেরপুর-৩ আসনের সংসদ সদস্য নির্বাচন ও গণভোট স্থগিত করা হয়েছে। পরে ইসির তফসিল অনুযায়ী এ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে জেলার অন্য দুটি আসনে যথানিয়মে নির্বাচন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ নেওয়ার পথে মারা যান জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতাসহ ডায়াবেটিসে ভুগছিলেন।

চট্টগ্রামে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ এনে এক আইনজীবীর বিরুদ্ধে মামলা করেছেন এক নারী। গত সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে নগরের কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এই মামলা করা হয়।
২ ঘণ্টা আগে
ফেনীতে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের অফিসে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ১ কোটি ২ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে। এ সময় দুজনকে আটক করা হয়েছে। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ফেনী শহরের শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কে এসএ পরিবহন কুরিয়ারের মহিপাল শাখায় এই অভিযান চালানো হয়।
৩ ঘণ্টা আগে
এই নির্বাচনের জন্য বহু রক্ত ঝরেছে, অনেক স্ত্রী তাঁর স্বামী হারিয়েছেন, অনেক মা তাঁর সন্তান হারিয়েছেন। তাই আসন্ন নির্বাচনে প্রশাসন জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে আবারও একটি ৫ আগস্ট হবে।’
৩ ঘণ্টা আগে
কিশোরগঞ্জ জেলা কারাগারে বাবার মরদেহ দেখে বারবার ভেঙে পড়েন হাজতি মিলন মিয়া (৪৫)। রাজনৈতিক মামলায় আটক থাকায় বাবার জানাজায় অংশ নিতে প্যারোলের (সাময়িক মুক্তি) আবেদন করেছিলেন তিনি। তবে সেই আবেদন নামঞ্জুর হলে শেষ পর্যন্ত বাবার মরদেহ আনা হয় কারাগারে।
৪ ঘণ্টা আগে