Ajker Patrika

পঞ্চগড় সীমান্তে বিজিবির উদ্যোগে বেকার যুবকদের কারিগরি প্রশিক্ষণ

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় সীমান্তে বিজিবির উদ্যোগে বেকার যুবকদের কারিগরি প্রশিক্ষণ
তেঁতুলিয়া উপজেলার ভজনপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তাইফুর হাসান মাহমুদ। ছবি: আজকের পত্রিকা

পঞ্চগড় সীমান্তে মাদক ও মানব পাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড রোধে বেকার যুবকদের কর্মমুখী করতে ৩৩ জনকে বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ রোববার সকালে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তাইফুর হাসান মাহমুদ। অনুষ্ঠানে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েসসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক কল্যাণে বিভিন্ন মানবিক ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে বেকার যুবকদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে। এতে তাঁরা নিজ এলাকায় কর্মসংস্থানের সুযোগ তৈরি করে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকবেন বলে আশা করছে বিজিবি।

প্রশিক্ষণার্থী শাহাদাত কবির নোবেল বলেন, হাউজ ওয়্যারিংয়ের প্রশিক্ষণ নেওয়ায় এখন নিজ এলাকায় কাজের সুযোগ তৈরি হবে। এ দক্ষতা কাজে লাগিয়ে নিজের কর্মসংস্থানের পাশাপাশি পরিবারের আর্থিক সহযোগিতায় ভূমিকা রাখতে চান তিনি।

বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তাইফুর হাসান মাহমুদ বলেন, সীমান্তবর্তী বেকার যুবকদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করাই এ উদ্যোগের লক্ষ্য। এতে তাঁদের জীবনমান উন্নয়নের পাশাপাশি সীমান্তে অপরাধ কমাতেও ইতিবাচক ভূমিকা রাখবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত