Ajker Patrika

দুই উপদেষ্টার কাছে গ্যাস চাইলেন রাজশাহী অঞ্চলের ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
দুই উপদেষ্টার কাছে গ্যাস চাইলেন রাজশাহী অঞ্চলের ব্যবসায়ীরা

রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের ব্যবসায়ী, কৃষি উদ্যোক্তা এবং জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর ও রেহান আসিফ আসাদ। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর পর্যন্ত রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় তিন জেলার ব্যবসায়ীরাই দুই উপদেষ্টার কাছে শিল্পায়নের জন্য গ্যাস সরবরাহ করার দাবি জানান।

‘রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার শিল্পায়নের সম্ভাবনা’ শীর্ষক এই সভায় রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, ‘রাজশাহীতে বিসিক-২ প্রস্তুত হয়ে আছে। কিন্তু গ্যাস সংযোগ না পাওয়ায় সেটি চালু হচ্ছে না। শিল্পপ্রতিষ্ঠান হচ্ছে না। যদি সুযোগ থাকে দ্রুত সময়ে গ্যাস সংযোগ দিয়ে বিসিক-২ চালু করতে পারি।’

নাটোর জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ বলেন, ‘নাটোর বিসিকে গ্যাস নেই। অথচ শহরের পাশ দিয়েই গ্যাসের লাইন গেছে। গ্যাস না থাকায় নাটোরে বড় শিল্পপ্রতিষ্ঠান হচ্ছে না। আমাদের গ্যাস প্রয়োজন।’ একই কথা বলেন নাটোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মতিউর রহমান। তিনি বলেন, ‘গ্যাস থাকলে নাটোরের চামড়াশিল্প স্বনির্ভর হতে পারবে।’

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন,

চাঁপাইনবাবগঞ্জে প্রতিবছর কোটি কোটি টাকার আম নষ্ট হয় যথেষ্টসংখ্যক হিমাগার না থাকার কারণে। চাঁপাইনবাবগঞ্জে বড় কোনো শিল্পপ্রতিষ্ঠানও গড়ে ওঠেনি গ্যাস সংকটের কারণে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘বিএনপির নির্বাচনী ইশতেহারে পাঁচটি ভিত্তি রয়েছে। তার মধ্যে সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন অন্যতম। এই বিষয়টি এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে স্থান পায়নি। বিএনপি বিষয়টির গুরুত্ব অনুধাবন করে ইশতেহারে এনেছে এবং তা বাস্তবায়নে কাজ শুরু করেছে।’

উপদেষ্টা বলেন, ‘এই অঞ্চলের কৃষিকে বুঝতে সকালেও আমরা সরেজমিন মাঠ পরিদর্শন করেছি। এখানে অনেক ধরনের পণ্য উৎপাদিত হয়। এ অঞ্চলের চাহিদা মিটিয়ে সেগুলো উদ্বৃত্ত থাকে। কৃষিভিত্তিক শিল্পই এই অঞ্চলকে এগিয়ে নিতে পারবে। আমরা সেই লক্ষ্যে কাজ করব।’

বিশেষ অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) রেহান আসিফ আসাদ বলেন, ‘প্রত্যেক এলাকার নিজস্বতাকে নিয়েই সুষম উন্নয়ন করা সম্ভব। এগুলো নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একাধিকবার কথা হয়েছে। উত্তরাঞ্চল নিয়েও তার মায়া আছে। পিছিয়ে পড়া এই অঞ্চলটিকে উন্নয়নের ধারায় আনতে আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করব।’

রাজশাহী জেলা প্রশাসন আয়োজিত এ সভায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ফরিদুল ইসলাম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. জিল্‌লুর রহমানসহ তিন জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং ব্যবসায়ী ও কৃষি উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ।

এর আগে সকালে রাজশাহীর গোদাগাড়ীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) মাধ্যমে পদ্মা নদী থেকে পানি তুলে চাষাবাদ দেখতে যান দুই উপদেষ্টা। সকালে তাঁরা প্রথমে গোদাগাড়ীর ভগবন্তপুর এলাকায় পদ্মা নদীর পাড়ের অংশ দেখতে যান। পরে সরমংলা এলাকা পরিদর্শন করেন। এরপর কলিপুরে সৌরবিদ্যুতের সাহায্যে সেচকাজ পরিচালনাও দেখতে যান তাঁরা। এ সময় তাঁদের সঙ্গে বিএমডিএ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের শীর্ষ ৫২ জনই নিহত

ফ্রান্সের সম্ভাব্য প্রেসিডেন্টের সঙ্গে ইতালির রাজকুমারীর প্রেমের গুঞ্জন

বিমানবন্দরে ৮৩ লাখ টাকার স্বর্ণ, ৯ হাজার ডলারসহ হজ কাফেলার মোয়াল্লেম গ্রেপ্তার

আপনার জিজ্ঞাসা: হজের সময় ঋতুস্রাব শুরু হলে নারীদের করণীয়

বনানীতে ‘আমাকে বাঁচান’ লিখে রাস্তায় চিরকুট ফেললেন গৃহকর্মী, গৃহকর্ত্রী আটক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত