
সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নে কাবিটা প্রকল্পের রাস্তা সংস্কারের কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগে সংবাদ প্রকাশের এক দিন পরই কাজ শুরু হয়েছে। শনিবার সকাল থেকে প্রকল্পের আওতায় রাস্তা সংস্কারের কাজ শুরু করেন সংশ্লিষ্টরা।
সরেজমিন দেখা যায়, দেওয়ানীপাড়া বাজারসংলগ্ন পিচঢালা সড়ক থেকে ওহাবের বাড়ি পর্যন্ত ইট বিছানোর কাজ চলছে। স্থানীয় বাসিন্দারা জানান, কাজে ব্যবহৃত ইটের মান ভালো। নির্ধারিত মান বজায় রেখে কাজ শেষ হলে দীর্ঘদিনের দুর্ভোগ দূর হবে বলে তাঁদের আশা।
দেওয়ানীপাড়া গ্রামের বাসিন্দা ইব্রাহিম সরদার বলেন, ‘আজ সকাল থেকে রাস্তার কাজ শুরু হয়েছে। ইটের মানও ভালো। কাজটি ঠিকভাবে শেষ হলে এলাকাবাসীর অনেক উপকার হবে।’
একই গ্রামের আব্দুর ছামাদ বলেন, ‘কাজ শুরু না হওয়ায় আমরা উদ্বিগ্ন ছিলাম। এখন কাজ হচ্ছে, এটি ইতিবাচক উদ্যোগ।’
প্রকল্পের সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য মশিয়ার রহমান বলেন, শনিবার থেকে কাজ শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের নিয়ে কাজ করা হচ্ছে। তিন দিনের মধ্যে কাজ শেষ করার আশা করছেন তিনি।
২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় পর্যায়ের কাবিটা প্রকল্পের আওতায় রাস্তা সংস্কারের জন্য ২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। গত বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, প্রকল্পের অর্থ উত্তোলন করা হলেও তখন পর্যন্ত কোনো কাজ শুরু হয়নি। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর এলাকায় আলোচনা সৃষ্টি হয়।
এর আগে ইউপি সদস্য মশিয়ার রহমান অর্থ উত্তোলনের বিষয়টি স্বীকার করে পরদিন থেকে কাজ শুরুর আশ্বাস দিয়েছিলেন। সেই ঘোষণা অনুযায়ী শনিবার সকালে কাজ শুরু হয়।
তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এম আবুল কালাম আজাদ বলেন, রাস্তার কাজ শুরু হয়েছে। নির্ধারিত মান বজায় রেখে দ্রুত কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশরাফ হোসেন জানান, প্রকল্পের কাজ শুরু হয়েছে। কাজের মান ও নিয়ম মেনে বাস্তবায়ন হচ্ছে কি না, তা নিয়মিত তদারকি করা হবে।

তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে পুলিশের গঠিত তদন্ত কমিটি। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সাত দফা সুপারিশও করা হয়েছে। রোববার (২৮ জুন) সন্ধ্যায়
৪ মিনিট আগে
বরিশাল নগরে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে বিএম কলেজের শিক্ষার্থীরা প্রায় ২০০ ব্যাটারিচালিত ও গ্যাসচালিত থ্রি-হুইলার আটক করেন। রোববার বিক্ষোভ ও সড়ক অবরোধের পর সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের ভাড়া তালিকা নির্ধারণের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করা হয়।
২৯ মিনিট আগে
টাঙ্গাইলের মির্জাপুরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ গ্রাহকেরা। তীব্র গরমে ভয়াবহ লোডশেডিংয়ের প্রতিবাদে রোববার (২৮ জুন) দুপুরে উপজেলার জামুর্কীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশনের সামনে মহাসড়কে এই কর্মসূচি পালন করেন তাঁরা।
৩২ মিনিট আগে
মুন্সিগঞ্জে অপহরণের পর রাজধানী ঢাকার গুলশান থেকে অপহৃত যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অপহরণকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মুন্সিগঞ্জ সদর থানা ও ঢাকার গুলশান থানা-পুলিশের যৌথ অভিযানে গতকাল শনিবার দিবাগত মধ্যরাতে ঢাকার শাহজাদপুর এলাকা থেকে অপহৃত যুবককে উদ্ধার করা হ
৩৬ মিনিট আগে