
চট্টগ্রামের লালদীঘির পাড় এলাকায় জেলা পরিষদ ভবনে অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসির করপোরেট শাখার ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও হওয়ার ঘটনায় ব্যাংকের সিনিয়র কর্মকর্তা ও ক্যাশ ইনচার্জ মো. কামরুল হোসেন (৪১) এবং তাঁর সহযোগী জাফরুল্লাহ তানভীরকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে গ্রেপ্তার দুজনকে চট্টগ্রামের মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার পর কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
গত সোমবার (১০ আগস্ট) নগরের কোতোয়ালি থানায় মামলা করেন অগ্রণী ব্যাংক লালদীঘি পূর্ব করপোরেট শাখার জেনারেল ম্যানেজার মোস্তাক আহমেদ। মামলায় কামরুল ও তানভীরের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলাটির তদন্ত করছেন কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. ইকবাল হোসেন।
মামলার এজাহার অনুযায়ী, শাখাটির ক্যাশ ও ভল্টের মূল দায়িত্বে ছিলেন সিনিয়র কর্মকর্তা কামরুল হোসেন। গত রোববার (৯ আগস্ট) নিয়মিত ব্যাংকিং সময়সূচি ও লেনদেন শেষে নগদ অর্থের হিসাবের সঙ্গে ভল্টে রাখা টাকার সামঞ্জস্য মেলানোর সময় বড় ধরনের গরমিল ধরা পড়ে।
পরে ভল্টের রেজিস্ট্রার, সংশ্লিষ্ট রেকর্ডপত্র ও অন্যান্য নথি বিস্তারিত পরীক্ষা করে ৪ কোটি ৩৮ লাখ টাকার ঘাটতি পাওয়া যায়। ব্যাংক কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, এ বিষয়ে ক্যাশ ইনচার্জ কামরুল হোসেন কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।
তানভীরসহ অজ্ঞাতনামাদের সহায়তায় ভল্টের টাকা সরিয়ে ব্যক্তিগত ব্যবসায় খাটানো হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
এজাহারে বলা হয়, ব্যাংকের ভল্টে টাকা গচ্ছিত রাখার সময় চাতুরীর আশ্রয় নেওয়া হতো। এক হাজার টাকার নোটের বড় বান্ডিলের মাঝখানে ১০০ টাকা বা তারচেয়ে কম মূল্যমানের নোট ঢুকিয়ে বান্ডিল বাঁধতেন কামরুল। এতে ওপর থেকে দেখে পুরো বান্ডিলে নির্ধারিত পরিমাণ টাকা রয়েছে বলে মনে হলেও বাস্তবে ভেতরে অর্থের পরিমাণ থাকত অনেক কম।
এভাবে সরানো অর্থ দিয়ে হাটহাজারীর উত্তর বুড়িশ্চর এলাকায় ‘ইশরাত অ্যাগ্রো’ নামের একটি গবাদিপশুর খামার গড়ে তোলা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। খামারটির দেখভাল করতেন তানভীর। সেখানে বর্তমানে বিভিন্ন জাতের ৫০ থেকে ৬০টি গরু রয়েছে বলেও এজাহারে বলা হয়।
তবে ব্যাংকের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে গ্রেপ্তার জাফরুল্লাহ তানভীরের পরিবার। তানভীরের বাবা আজিম উল্লাহ বলেন, ‘আমার ছেলে ব্যাংকের কোনো কর্মকর্তা বা গ্রাহক নয়। সে আগে থেকেই গরুর খামার ব্যবসার সঙ্গে জড়িত।’
আজিম উল্লাহর দাবি, কামরুল হোসেন লাভের চুক্তিতে তানভীরকে বিভিন্ন সময় টাকা দিতেন এবং পরে লাভসহ মূল টাকা ফেরত নিতেন। গত রোববার রাতে ফোন করে তানভীরকে ব্যাংকে ডেকে নেওয়া হয়। পরে রাত ১টার দিকে তানভীরের মায়ের মোবাইলে কল দিয়ে তাঁর ব্যাংকে আটকে থাকার কথা জানানো হয়।
আজিম উল্লাহ অভিযোগ করেন, ছেলেকে পরিকল্পিতভাবে এ মামলায় ফাঁসানো হয়েছে এবং ব্যাংকে ডেকে নিয়ে স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. ইকবাল হোসেন জানান, এই মামলায় প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, হোয়াটসঅ্যাপ যোগাযোগের তথ্য ও ৬৪ জিবি ধারণক্ষমতার একটি পেনড্রাইভ আলামত হিসেবে জব্দ করা হয়েছে। মামলাটি নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে বলেও তিনি জানান।

আবদুস সালাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ ভিশনের কথা উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ২০০টি ডাস্টবিন দেওয়া হয়েছে। প্রয়োজন হলে আরও ডাস্টবিন দেওয়া হবে।
১৬ মিনিট আগে
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আলোচিত দুই কিশোর গ্যাং ‘র’ ও ‘ক্রাইম সেটআপের’ চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে হত্যা, ছিনতাই, মাদকসহ একাধিক মামলার আসামিও রয়েছেন।
৩৫ মিনিট আগে
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় স্থানীয় বিএনপি ও জিয়া পরিষদের দুই নেতার বিরোধের জেরে সংঘর্ষ হয়েছে। এতে বিএনপি নেতা ও তাঁর স্ত্রীসহ তিনজন আহত হয়েছেন। আহতরা সবাই বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। গতকাল শুক্রবার রাত ৮টার পর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের চক রোয়াইড গ্রামের....
৩৮ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক নারী শিক্ষার্থীকে মোবাইল ফোনে কল করে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে টাঙ্গাইলের এক যুবককে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে রাবি রেলস্টেশন এলাকায় তাঁকে আটক করা হয়। এ সময় ওই যুবককে মারধরও করা হয়। পরে আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে....
৪৩ মিনিট আগে