Ajker Patrika

চাকু হামলা বেড়েছে, ৪০ দিনে নিহত ৮

  • শুধু শহর নয়, গ্রামেও ছড়িয়ে পড়েছে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাত
  • আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮০ জনের বেশি
গনেশ দাস, বগুড়া 
চাকু হামলা বেড়েছে, ৪০ দিনে নিহত ৮
প্রতীকী ছবি

বগুড়ায় সাম্প্রতিক সময়ে ধারালো অস্ত্র, বিশেষ করে চাকু দিয়ে হামলা ও খুনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। শুধু শহরেই নয়, গ্রামেও ছড়িয়ে পড়েছে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতের ঘটনা।

গত ৪০ দিনে জেলার বিভিন্ন এলাকায় পৃথক ঘটনায় চাকু এবং চাপাতির আঘাতে খুন হয়েছেন আটজন। এর মধ্যে দুজন নারী রয়েছেন। আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮০ জনের বেশি মানুষ।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অধিকাংশ চাকু অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছানো হয়। চাকুর অপব্যবহার রোধে কাজ করছে পুলিশ।

অন্যদিকে সুশাসনের জন্য প্রচার অভিযান (সুপ্র) বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক কে জি এম ফারুক বলেছেন, চাকু বিক্রি এবং মজুত মনিটর (তদারকি) দরকার। চাকুর আঘাতে জখম, আহত-নিহতের ঘটনা উদ্বেগজনক ও জনসাধারণের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তুচ্ছ ঘটনা, জমিজমা নিয়ে বিরোধ, আধিপত্য বিস্তার, রাজনৈতিক বিরোধ, চুরি, মাদক, ছিনতাইসহ ব্যক্তিগত শত্রুতার জেরে এসব হামলার ঘটনা ঘটছে। শহরের অলিগলি থেকে শুরু করে জেলার প্রত্যন্ত গ্রামগুলোতেও এ ধরনের সহিংসতা ছড়িয়ে পড়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

জেলা পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, গত ১ মার্চ থেকে এপ্রিল মাসের ১০ তারিখ পর্যন্ত চাকু এবং চাপাতি-রামদার আঘাতে খুন হয়েছেন আটজন। এর মধ্যে ১ মার্চ শহরের মাহবুবনগরে জমি নিয়ে বিরোধে ছুরিকাঘাতে খুন হন জামায়াতের নেতা সাইফুল ইসলাম। ২৩ মার্চ রাতে বগুড়া শহরতলির ফাঁপোড় এলাকায় সুদের টাকার লেনদেন নিয়ে ছুরিকাঘাতে খুন হন বিএনপির কর্মী আরিফুল ইসলাম মুন্না। ২৫ মার্চ রাতে সারিয়াকান্দি উপজেলার জোড়গাছা এলাকায় মাদক সেবন নিয়ে বিরোধে ছুরিকাঘাতে খুন হন স্বেচ্ছাসেবক দলের কর্মী জাকারিয়া শয়ন। ২৮ মার্চ বেলা সাড়ে ১১টায় শহরের ফতেহ আলী বাজার থেকে আলাল শেখ নামের যুবলীগ ক্যাডার ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসীকে তুলে নিয়ে ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যা করা হয়। ৪ এপ্রিল সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার মহব্বত নন্দী গ্রামে চুরি করতে বাধা দেওয়ায় নিজ ঘরে ছুরিকাঘাতে খুন হন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা শাহনাজ বেগম। ৬ এপ্রিল রাতে শহরের ফুলবাড়ী এলাকায় ছুরিকাঘাতে ও কুপিয়ে হত্যা করা হয় আরেক সন্ত্রাসী রবিন হোসেনকে। ৭ এপ্রিল রাতে শিবগঞ্জ উপজেলার বিহার ফকিরপাড়া গ্রামে মাদকাসক্ত স্বামী নিজ ঘরে স্ত্রী শিল্পী বেগমকে খুন করে পালিয়ে যায়।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের তথ্য অনুযায়ী, প্রতিদিনই ধারালো অস্ত্রের আঘাতে আহত রোগী চিকিৎসা নিতে ভর্তি হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, আহত ব্যক্তিদের বেশির ভাগই গুরুতর জখম অবস্থায় হাসপাতালে আসছেন, যাঁদের অনেকের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

বগুড়া শহরে চাকুর ব্যবহার নতুন কোনো ঘটনা নয়। গত বছরের ২৬ জুলাই জেলা পুলিশের সদস্যরা একাধিক টিমে বিভক্ত হয়ে শহরের বিভিন্ন মার্কেটে একযোগে অভিযান চালিয়ে উদ্ধার করেছিল ৮১০টি অত্যাধুনিক বার্মিজ ও চায়নিজ চাকু।

বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেছেন, জেলা পুলিশের পক্ষ থেকে কুরিয়ার সার্ভিসগুলোতে তদারকি করা হচ্ছে। পাশাপাশি শহরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্টের (তল্লাশিচৌকি) মাধ্যমে তল্লাশি করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় শরীরে এইচআইভি জীবাণু পুশ, তরুণীর আত্মহত্যা

কুষ্টিয়ায় ‘পীরের’ আস্তানায় হামলা-আগুন, আস্তানাপ্রধান নিহত

ঘণ্টায় ২৫০০০ মাইল বেগ, ৫০০০ ডিগ্রি তাপ সহ্য করে যেভাবে নিরাপদে অবতরণ নভোচারীদের

লিভার সুস্থ রাখতে এসব অভ্যাস বাদ দিন

খলিলুর রহমান-জয়শঙ্কর বৈঠক: শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত