Ajker Patrika

নজরুল বর্ষ: শ্রাবণের বৃষ্টিস্নাত রাতে নজরুলের গানে মুগ্ধতা

আব্দুর রাজ্জাক, ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি 
নজরুল বর্ষ: শ্রাবণের বৃষ্টিস্নাত রাতে নজরুলের গানে মুগ্ধতা
নজরুল বর্ষ উপলক্ষে গত সোমবার রাতে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘বর্ষায় নজরুল’ অনুষ্ঠানে শিল্পীদের পরিবেশনা। ছবি: আজকের পত্রিকা

সন্ধ্যা গড়াতেই শ্রাবণের বৃষ্টি আরও ঘন হয়ে নামে। শিল্পকলা একাডেমি মিলনায়তনের কার্নিশ ছুঁয়ে মাধবীলতার পাতায় জমতে থাকে বৃষ্টির ফোঁটা। এমন বৃষ্টিস্নাত সন্ধ্যায় মিলনায়তনে ভেসে আসে সুরের মূর্ছনা—‘আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আমার কথার ফুল গো–কুড়িয়ে তুমি নিও’।

বাইরে বৃষ্টির ছন্দ, আর ভেতরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রেম, দ্রোহ ও মানবতার সুর। প্রকৃতি আর সংগীত যেন একাকার হয়ে সৃষ্টি করে এক অনন্য সাংস্কৃতিক আবহ। গত সোমবার সন্ধ্যায় শুরু হওয়া ‘বর্ষায় নজরুল’ অনুষ্ঠান চলে রাত ১১টা পর্যন্ত। পুরো আয়োজনে শিল্পীদের পরিবেশনা মুগ্ধ করে রাখে দর্শক-শ্রোতাদের।

নজরুল বর্ষ উপলক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা শিল্পকলা একাডেমি। অনুষ্ঠানে আগত অতিথি ও সংগীতপ্রেমীরা মন মজান নজরুলগীতিতে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নাজমুল হাসান খান। এ ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) খায়রুল ইসলাম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা কালচারাল অফিসার মোছা. মোখলেছা হিলালী, জাসাস জেলা কমিটির সদস্যসচিব শামীম বিশ্বাস, মানিকগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন। শ্রোতার সারিতে উপস্থিত ছিলেন জেলার সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংস্কৃতিপ্রেমীরা।

আলোচনা পর্বে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য, মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনার বিভিন্ন দিক তুলে ধরেন। পরে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা পরিবেশন করেন একের পর এক নজরুলসংগীত। বৃষ্টিমুখর রাত আর সুরের মূর্ছনায় মিলনায়তনে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। প্রতিটি পরিবেশনার পর করতালিতে মুখর হয়ে ওঠে হলরুম।

রাত বাড়ার সঙ্গে সঙ্গে বর্ষার আবহ যেন আরও গভীর হয়ে ওঠে। অনুষ্ঠানের শেষ ভাগে যখন শিল্পীর কণ্ঠে ভেসে আসে, ‘নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল...’, তখন অনেক দর্শকই সুরের সঙ্গে গলা মেলান। বৃষ্টিস্নাত সেই রাত শেষ হলেও নজরুলের প্রেম, বেদনা আর সৌন্দর্যে ভরা সুর দীর্ঘ সময় ধরে রয়ে যায় উপস্থিত দর্শক-শ্রোতাদের মনে।

আয়োজকেরা জানান, নতুন প্রজন্মের কাছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও মানবতার চেতনাকে পৌঁছে দিতেই এ আয়োজন। ভবিষ্যতেও এমন সাংস্কৃতিক আয়োজন নিয়মিত অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত