Ajker Patrika

আমদানিকারকের নাম-সিল ছাড়াই বিক্রি হচ্ছে ‘বিদেশি’ প্রসাধনসামগ্রী

 টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আমদানিকারকের নাম-সিল ছাড়াই বিক্রি হচ্ছে ‘বিদেশি’ প্রসাধনসামগ্রী
মুন্সিগঞ্জের বিভিন্ন দোকানে আমদানিকারকের নাম-সিল ছাড়াই বিক্রি হচ্ছে প্রসাধনসামগ্রী। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী বাজারে বিদেশি কসমেটিকসের দোকানে আমদানিকারকের নাম, ঠিকানা ও সিলবিহীন পণ্য বিক্রির অভিযোগ উঠেছে। কোনো কোনো পণ্যে আবার একাধিক মূল্যও উল্লেখ রয়েছে। এ অবস্থায় সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

টঙ্গিবাড়ী বাজারের কফিলউদ্দিন মাঝি মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ‘কে বিউটি ব্র্যান্ড’ ও ‘কোরিয়ান বিউটি সপ’ নামে দুটি দোকান পরিদর্শন করে দেখা যায়, সেখানে বিভিন্ন ব্র্যান্ডের কোরিয়ান কসমেটিকস বিক্রি হচ্ছে। তবে প্রদর্শিত বেশির ভাগ পণ্যের মোড়কে আমদানিকারকের নাম, ঠিকানা বা সিল পাওয়া যায়নি। এ ছাড়া একই ধরনের কয়েকটি পণ্যের গায়ে একাধিক মূল্য লেখা রয়েছে বলেও দেখা গেছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে দোকান দুটিতে এ ধরনের বিদেশি কসমেটিকস বিক্রি হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি নেই। এতে ক্রেতারা পণ্যের বৈধতা ও প্রকৃত মূল্য নিয়ে বিভ্রান্তিতে পড়ছেন।

দোকানে দায়িত্বরত এক বিক্রয়কর্মী বলেন, ‘এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। দোকানের মালিক এ বিষয়ে ভালো বলতে পারবেন।’

মুঠোফোনে যোগাযোগ করলে বিদেশে অবস্থানরত দোকানের মালিক পরিচয়দানকারী অর্ণব ইসলাম নামে এক ব্যক্তি দাবি করেন, তাঁদের সব পণ্য বৈধ উপায়ে দেশে আনা হয়েছে।

মুন্সিগঞ্জ জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ বলেন, ‘বিদেশি কসমেটিকস বিক্রির ক্ষেত্রে পণ্যের গায়ে আমদানিকারকের নাম ও সিল থাকা বাধ্যতামূলক। অভিযোগের বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত