
মেহেরপুরের গাংনীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পচা ডিম দেওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান সুশীলন নামে এক এনজিওর বিরুদ্ধে। আজ বুধবার দুপুরে সরেজমিনে গিয়ে গাংনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমন চিত্র দেখা গেছে। কিছুদিন আগে সেখানে ছত্রাকযুক্ত পাউরুটিও পাওয়া গিয়েছিল বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ রয়েছে, গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদের যোগসাজশে নিম্নমানের খাদ্যপণ্য দেওয়া হলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। এ নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১৬২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৮ হাজার ৩৪৭ জন শিক্ষার্থীর জন্য স্কুল ফিডিং কর্মসূচির আওতায় পাউরুটি, কলা, ডিম, দুধ ও বিস্কুট সরবরাহ করা হয়।
স্থানীয়দের ভাষ্য, খাদ্য সরবরাহ শুরুর পর থেকেই নানা অভিযোগ উঠলেও কর্তৃপক্ষের নজরদারির অভাবে নিম্নমানের খাবার সরবরাহ করে সরকারি টাকা লুটপাট করা হচ্ছে।
বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী অনিক হাসান বলে, `আমাদের বিদ্যালয়ে আজ পচা ডিম ও পাউরুটি দিয়েছে। এটা খেলে তো আমরা অসুস্থ হয়ে পড়ব।'
চতুর্থ শ্রেণির আরেক শিক্ষার্থী সাবিত হোসেন বলে, `আমি একটি ডিমের খোসা ছাড়ানোর সময় দেখি পানি বের হচ্ছে। পরে বুঝলাম,এটা পচা ডিম। তারপর ফেলে দিয়েছি।'
তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আমির হামজা জানায়, `প্রায়ই পচা দুর্গন্ধযুক্ত ডিম, পচা পাউরুটি ও দুধ দেয়। কোনো কোনো দিন খেতে পারি, কোনো কোনো দিন ফেলে দেই।'
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী বায়জিদ জানায়, ` সরকার ভালো মানের খাবারের জন্য টাকা দিচ্ছে, অথচ আমাদের নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে। নিম্নমানের খাবার খেয়ে এই বিদ্যালয়ের এক শিক্ষার্থী অসুস্থ হয়ে কুষ্টিয়া হাসপাতালে চিকিৎসাধীন ছিল।'
অভিভাবক সুখী আক্তার বলেন, `আমাদের বাচ্চাদের যে খাবারগুলো দেওয়া হয়, সেগুলো ভালো হওয়া দরকার। নিম্নমানের খাবার খেলে আমাদের সন্তানরা অসুস্থ হয়ে পড়বে। তাই সরকারের কাছে অনুরোধ, বিতরণ করা খাবারগুলো যেন যথাযথভাবে তদারক করা হয়।'
করমদী গ্রামের অভিভাবক তৌহিদুল ইসলাম বলেন, `কিছুদিন আগে বিদ্যালয়ে আমার সন্তানকে পাউরুটি দেওয়া হয়েছিল। পাউরুটিটা খুবই নোংরা ছিল এবং ভেতরে পচা। এগুলো আসলে তদারক করা দরকার।'
কাজিপুর গ্রামের অভিভাবক শহিদুল ইসলাম বলেন, `শিশুদের দৈনন্দিন পুষ্টির ঘাটতি পূরণ, বিদ্যালয়ে আসতে উৎসাহিত করা এবং ঝরে পড়া রোধে সরকার বিপুল পরিমাণ টাকা ব্যয় করছে। অথচ তদারকির অভাবে নিম্নমানের খাবার সরবরাহ করা হচ্ছে। এতে করে একদিকে শিশুরা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে, অন্যদিকে প্রশ্নবিদ্ধ হচ্ছে সরকারের এই কর্মসূচি।'
বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজারুল ইসলাম বলেন, `পচা ডিম ও নিম্নমানের খাদ্য দিলেও কিছু বলার বা করার থাকে না। বারবার কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। বরং উল্টো হয়রানির শিকার হতে হয়।”
গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ জানান, এ বিষয়ে তার কিছু করার নেই।
সুশীলন এনজিওর গাংনী প্রোগ্রাম ম্যানেজার এসএম জাভেদ আলী বলেন, কোনো বিদ্যালয়ে পচা ডিম বা পাউরুটি গেলে অভিযোগ পেলে সেগুলো পরিবর্তন করে দেওয়া হবে।
কুষ্টিয়া ইসলামি বিশ্ব বিদ্যালয়ের পুষ্টি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুস সামাদ বলেন, পচা বা নষ্ট ডিম খেলে মারাত্মক ফুড পয়জনিং বা খাদ্য বিষক্রিয়া হতে পারে। এ ছাড়া তীব্র পেট ব্যথা, বমি বমি ভাব, পাতলা পায়খানা, ডায়রিয়া বা শরীর দুর্বল হতে পারে। এ ছাড়া নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে।
মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুকুমার মিত্র বলেন, পচা ডিম বা নিম্নমানের পাউরুটি, কলা দেওয়ার তথ্য নেই। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মাদক, জুয়া, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী যুব সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের চত্বরে উপজেলা জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগ এ কর্মসূচির আয়োজন করে।
২১ মিনিট আগে
বহুল আলোচিত জয়পুরহাট সরকারি মহিলা কলেজের ছাত্রীনিবাসের অস্থায়ী নারী তত্ত্বাবধায়ক (ম্যাট্রন) সামছুন নাহার হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। মামলায় কলেজের দারোয়ান শহিদুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১৩ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও আড়াই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া...
২১ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিয়ের দাবিতে এক যুবকের বাড়িতে ১২ দিন ধরে অনশন করছেন এক তরুণী। ওই তরুণীর নাম নুসরাত জাহান। তাঁর বাড়ি গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার ভূয়ারপাড়া গ্রামে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
২৫ মিনিট আগে
চট্টগ্রামে আত্মহত্যা প্ররোচনার মামলায় গৃহবধূ আয়শা ছিদ্দিকা মুক্তার স্বামী, শাশুড়ি ও ননদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। দেখাশোনার কেউ না থাকায় তাঁদের হেফাজতে থাকা আড়াই বছরের এক শিশু ও সাত মাস বয়সী এক নবজাতককেও কারাগারে যেতে হয়েছে।
২৭ মিনিট আগে