যশোরের গদখালী-পানিসারা

প্রতিবছর বসন্তবরণ ও বিশ্ব ভালোবাসা দিবস ঘিরে সব ধরনের ফুলের চাহিদা বাড়ে, দামও বাড়ে। এর সঙ্গে এবার যোগ হয়েছে জাতীয় সংসদ নির্বাচন। ফলে ফুলের চাহিদা এবার তুঙ্গে থাকার কথা। কিন্তু ফুলের রাজ্যখ্যাত যশোরের গদখালী-পানিসারার চাষি ও ব্যবসায়ীদের মনে দুশ্চিন্তা বাসা বেঁধেছে। তাঁদের আশঙ্কা, ভোট যদি উৎসবমুখর না হয়, নির্বাচনী সহিংসতা বেড়ে যায়, তাহলে তার ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে ফুলের বাজারে। এদিকে বসন্তবরণ ও ভালোবাসা দিবসের আগে ফুলের সবচেয়ে বড় হাট বসে ১২ ফেব্রুয়ারি। এবার সেদিনই হচ্ছে ভোট। কাজেই এবার ১১ ফেব্রুয়ারি হাট বসবে।
যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী-পানিসারা ও আশপাশের এলাকা এখন রঙিন ফুলে ভরে উঠেছে। মাঠজুড়ে ফুটে আছে গোলাপ, রজনীগন্ধা, গ্লাডিওলাস, জারবেরাসহ নানা রঙের ফুল। বাতাসে ভাসছে ফুলের ঘ্রাণ। তবে এবারের ব্যস্ততা অন্য বছরের চেয়ে আলাদা। কারণ, পঞ্জিকায় এবার শুধু বসন্ত আর ভালোবাসা দিবস নয়, যুক্ত হয়েছে ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনও। নির্বাচনের এক দিন পরেই পয়লা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস। নির্বাচনে প্রার্থীদের বরণ, পথসভা ও বিজয় মিছিলে ফুলের চাহিদাও থাকে উল্লেখযোগ্য। বিশেষ করে গাঁদা ও রজনীগন্ধার চাহিদা থাকে বেশি। আবার বসন্ত ও ভালোবাসা দিবসে গোলাপের বাজার থাকে তুঙ্গে। সব মিলিয়ে তিনটি বড় উপলক্ষ ঘিরে ফুলের চাহিদা আকাশচুম্বী হওয়ার আশা করছেন এ অঞ্চলের হাজার হাজার ফুলচাষি।
গদখালীর ফুলচাষি মঞ্জুরুল ইসলাম বলেন, ‘এবার আবহাওয়া ভালো হওয়ায় ফুলে ফুলে ভরে গেছে মাঠ। সব ফুলের দাম বাড়তেও শুরু করেছে। নির্বাচন ও উৎসব সামনে রেখে পরিচর্যা ঠিকভাবেই চলছে। নির্বাচন আর উৎসব একসঙ্গে হওয়ায় ফুলের চাহিদা বাড়বে এবং দামও ভালো পাওয়া যাবে। কিন্তু ভালোবাসা দিবস ও বসন্তবরণের আগে সবচেয়ে বড় হাট বসে ১২ ফেব্রুয়ারি। এবার ভোটের কারণে ওই দিন হাট বসবে না। ১১ ফেব্রুয়ারি হাট কতটা জমবে, তা নিয়েও অনিশ্চয়তা আছে। আর নির্বাচনের দিন কোনো গোলযোগ হলে পুরোপুরি লোকসানের মুখে পড়তে হবে।’
কাকা ডাকা ভোরে খেতে উৎপাদিত ফুল নিয়ে শত শত কৃষক হাজির হন যশোর-বেনাপোল মহাসড়কের পাশে গড়ে ওঠা গদখালী ফুলের বাজারে। গতকাল বৃহস্পতিবার সকালে সেখানে গিয়ে দেখা যায়, সড়কের দুই পাশে হাজির শত শত চাষি। কেউ ভ্যানের ওপর, কেউ সাইকেলের ওপর থরে থরে সাজিয়ে রেখেছেন রংবেরঙের নানা ফুল। হাজির হয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের পাইকারেরাও। চাষিরা বলছেন, ফুলের দাম ভালো। এদিন গোলাপ বিক্রি হয়েছে প্রতিটি ৫-৭ টাকা, যা দুদিন আগেও ছিল ২-৩ টাকা। জারবেরা বিক্রি হয়েছে ১০-১৫ টাকায়। রজনীগন্ধা প্রতিটি ১২-১৫ টাকা। গাঁদা ফুল প্রতি হাজার ৫০০-৬০০ টাকায় বিক্রি হয়েছে এদিন। চাষিরা বলছেন, ফুলের দাম বাড়তে শুরু করেছে, এই দাম বাড়তে থাকবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত।
বাজার ধরতে গোলাপের কলিতে ক্যাপ
বসন্তবরণ ও ভালোবাসা দিবসে গোলাপের চাহিদা বাড়ে কয়েক গুণ। ফুলচাষিরা এ সুযোগ কাজে লাগিয়ে গোলাপ ফুল বিক্রি করে বাড়তি টাকা রোজগার করেন। কিন্তু তাপমাত্রা বেড়ে যাওয়ায় সময়ের আগেই ফুল ফুটে যাচ্ছে। তাই দ্রুত ফুল কেটে ফেলতে হচ্ছে। এতে ক্ষতির মুখে পড়েছেন ফুলচাষিরা। এমন পরিস্থিতিতে ফুল সুরক্ষার জন্য চাষিরা ব্যবহার করছেন ক্যাপ। এই পদ্ধতিতে আগাম ফুল ঝরে পড়া ঠেকাতে কলি বের হওয়ার সঙ্গে সঙ্গে ক্যাপ পরিয়ে দেওয়া হয়। ১০ ফেব্রুয়ারি সকাল থেকে ফুল কাটা শুরু হবে। কিছু ফুল কাটা হবে পয়লা ফাল্গুনে।
পানিসারা এলাকার নীলকণ্ঠ নগরের ফুলচাষি ইব্রাহিম খলিল বলেন, ‘আড়াই বিঘা জমিতে গোলাপ চাষ করেছি। ফুল ফুটেছে অনেক। তবে এখন ফুল কাটলে দাম বেশি পাব না। তাই ফুলের কলিতে ক্যাপ পরিয়ে রাখছি।’ তিনি বলেন, ‘আগে রাবার দিয়ে কলি বেঁধে রাখতাম। এতে ফুলের পাতা নষ্ট হয়ে যেত। এ কারণে ক্যাপ পদ্ধতি ব্যবহার করছি। বিক্রি করার আগপর্যন্ত কলিতে ক্যাপ পরানো থাকে। এতে ফুলের পাতা যেমন ঝরে পড়ে না, তেমনি ফুল নষ্টও হয় না।’
ফুল বিপণন সমবায় সমিতির সভাপতি আব্দুর রহিম বলেন, চলতি মৌসুমের শুরু থেকে ফুলের বাজার ভালো। এ কারণে চলতি মৌসুমে শতকোটি টাকার বেশি ফুল বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে কি না, তা সংশয় রয়েছে।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি সংস্থা ডিপি ওয়ার্ল্ডকে দীর্ঘমেয়াদি ইজারা দেওয়ার সরকারি উদ্যোগকে কেন্দ্র করে দেশের প্রধান সমুদ্রবন্দর কয়েক সপ্তাহ ধরে গভীর সংকটে পড়েছে। আইনি জটিলতা, শ্রমিক আন্দোলন এবং প্রশাসনিক পদক্ষেপের ক্ষোভে বন্দরের কার্যক্রম অচল হয়ে...
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গোপালগঞ্জের তিনটি আসনের প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা চলছে জমজমাটভাবে। ঘুম নেই প্রার্থী ও তাঁদের কর্মী-সমর্থকদের। বিভিন্ন কৌশলে ভোটারদের মন জয়ের আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন তাঁরা। দিনরাত তাঁরা উঠান বৈঠক, মতবিনিময় সভা, সৌজন্য সাক্ষাৎ ও গণসংযোগে ব্যস্ত সময় পার করেছেন
২ ঘণ্টা আগে
বরিশালের ২১টি আসনে জাতীয় নির্বাচনের প্রচার এখন তুঙ্গে। ভোটের সময় যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে অস্থিরতা-সহিংসতা। একসময়ের ঘাঁটি বরিশাল বিভাগে বিএনপি এবার প্রধান প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছে জামায়াতের প্রার্থীর সঙ্গে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ (সদর ও কালিয়া উপজেলা) আসনে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন আটজন। দিন যত ঘনাচ্ছে, ততই জমে উঠছে প্রচার। তবে আসনটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভোট বেশি থাকায় সেসব ভোট টানতে মরিয়া হয়ে প্রচার চালাচ্ছেন প্রার্থী ও তাঁদের কর্মী-সমর্থকেরা।
২ ঘণ্টা আগে