Ajker Patrika

শাহজাহান ওমরসহ সাবেক ৩ এমপি নতুন মামলায় গ্রেপ্তার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ১৮: ৩৪
শাহজাহান ওমরসহ সাবেক ৩ এমপি নতুন মামলায় গ্রেপ্তার
ফাইল ছবি

২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক পৃথক মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) শাহজাহান ওমর, মোস্তফা জালাল মহিউদ্দিন ও সোলায়মান সেলিমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ সোমবার তাঁদের গ্রেপ্তার দেখাতে পৃথক আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন জানান, সাবেক এই তিন এমপিকে আজ কারাগার থেকে আদালতে হাজির করা হয়। ভিন্ন ভিন্ন মামলার সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শুনানি শেষে তাঁদের গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। পরে তাঁদের আবার কারাগারে পাঠানো হয়।

শাহজাহান ওমরকে বনানীতে সোহাগ নামের এক কিশোরকে হত্যাচেষ্টা মামলায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এবং মিরপুরে মো. মুক্তার হোসেন হত্যাচেষ্টা মামলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

এদিকে মোস্তফা জালাল মহিউদ্দিন ও সোলায়মান সেলিমকে গ্রেপ্তার দেখানো হয়েছে পল্টন থানায় করা বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যা মামলায়। তাঁদের গ্রেপ্তার দেখাতে তদন্ত কর্মকর্তা পৃথক দুটি আবেদন করেন। তাঁদের পক্ষে আইনজীবী প্রাণ নাথ গ্রেপ্তার না দেখানোর আবেদন করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত