Ajker Patrika

ধর্ষণচেষ্টাকালে অচেতন হওয়ায় শিশুটিকে হত্যা করা হয়

সিলেট প্রতিনিধি
আপডেট : ১২ মে ২০২৬, ১৭: ০১
ধর্ষণচেষ্টাকালে অচেতন হওয়ায় শিশুটিকে হত্যা করা হয়
গ্রেপ্তার জাকির হোসেনকে আদালতে তোলা হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

সিলেটে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টাকালে অজ্ঞান হয়ে পড়লে তাকে হত্যা করা হয়। চার বছরের এই শিশু হত্যার এমন লোমহর্ষক বর্ণনা দিয়েছেন এই ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া জাকির হোসেন। জাকির নিহত শিশুর প্রতিবেশী ও সম্পর্কে চাচা। সোমবার রাতে তাঁকে সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

জাকিরকে গ্রেপ্তারের পর তাঁর শাস্তির দাবিতে মধ্যরাত পর্যন্ত থানা ঘেরাও করে বিক্ষোভ করে স্থানীয় লোকজন। পরে জাকিরের বাড়িঘর ভাঙচুর করেন বিক্ষুব্ধ ব্যক্তিরা। এরপর জাকিরের স্বীকারোক্তিমূলক একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে তাঁকে শিশুটিকে হত্যার বর্ণনা দিতে শোনা যায়।

ছড়িয়ে পড়া ওই ভিডিওতে জাকির বলেন, ‘সকাল ১০টা-সাড়ে ১০টার দিকে শিশুটিকে দিয়ে দুটি সিগারেট আনাই। তখন আমার ঘর খালি ছিল। আমি তখন নেশাগ্রস্ত ছিলাম। আমি ইয়াবা খাই। মেয়েটার প্রতি আমার খারাপ দৃষ্টি চলে যায়। পরে মেয়েটাকে আমি রেপ (ধর্ষণ) করতে চাইছিলাম, কিন্তু তখন সে অজ্ঞান হয়ে পড়ে। এতে আমি ভয় পেয়ে যাই। ভয় পেয়ে গলা টিপে মেরে ফেলি। পরে ঘরের স্যুটকেসের ভেতরে রাখি। দুই দিন পর দেখি গন্ধ ছড়াচ্ছে। এতে পরিবারের মানুষ জেনে যাবে, এই চিন্তায় রাতে লাশ নদীতে ফেলে দিই।’

এই ভিডিও কোথায় ধারণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, রাতে জাকিরকে গ্রেপ্তারের পর থানায় এই ভিডিও ধারণ করা হয়। এ সময় জাকিরকে আরও কয়েকজন জিজ্ঞাসাবাদ করতে শোনা গেছে।

তবে এই ভিডিওর উৎস সম্পর্কে কিছু জানেন না বলে জানিয়েছেন সিলেটের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম।

এর আগে গত শুক্রবার বাড়ির পাশের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। এর দুই দিন আগে সে বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল।

সোমবার রাতে জাকিরকে গ্রেপ্তারের পর শিশু হত্যার বিভিন্ন আলামতও উদ্ধার করে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত