
ময়মনসিংহের নান্দাইলে জমি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দোকানপাট ভাঙচুর-লুটপাট হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (৪ জুন) বেলা ১১টার দিকে উপজেলার খারুয়া ইউনিয়নের খারুয়া বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আট রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছুড়েছে। নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত দুপুর ১২টার দিকে এলাকাটিতে ১৪৪ ধারা জারি করেন।
জানা গেছে, দুই শতাংশ একটি জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে খারুয়া গ্রামের আব্দুর রউফ ও নরেন্দ্রপুর গ্রামের মো. শওকত আলীর লোকজনের মধ্যে এই সংঘর্ষ বাধে। জমিটি নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। গতকাল বুধবার সকালে শওকত আলী বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণ করতে যান। পরে আব্দুর রউফ নির্মাণ করা ঘর ভেঙে দেন। এ নিয়ে উত্তেজনা তৈরি হলে আব্দুর রউফ থানায় অভিযোগ দেন। গতকাল রাত থেকেই পুলিশ খারুয়া বাজারে মোতায়েন ছিল। আজ সকালে আব্দুর রউফের পক্ষে স্থানীয় আবুল কাশেম বিডিআর ও জহিরুল ইসলাম রতনের নেতৃত্বে লোকজন শওকত আলীর ভাই লিয়াকত আলীর দোকানে হামলা করে ভাঙচুর করেন। খবর পেয়ে শওকত আলী, লিয়াকত আলী, রাজু আহমেদ ওয়াজেদসহ তাঁদের পক্ষের লোকজন নিয়ে খারুয়া বাজারে এসে জড়ো হন। এ সময় দুপক্ষই মুখোমুখি অবস্থান নেয়। একপর্যায়ে বাঁশের লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে নিয়ে সংঘর্ষে জড়ায়। এ ছাড়া আব্দুর রউফের মুদিদোকানে ভাঙচুর ও মালামাল লুট করা হয়। নান্দাইল মডেল থানা-পুলিশ, অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) ও র্যাব-১০ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আব্দুর রউফের ছেলে মাহফুজুর রহমান বলেন, ‘আমাদের নিজস্ব জায়গায় ঘর নির্মাণ করতে চেয়েছিল শওকত আলী। তারা আমাদের দোকানপাটে ভাঙচুর করে প্রায় ১৫ লাখ টাকার মালামার লুট করে নিয়ে গেছে।’
জানতে চাইলে শওকত আলী বলেন, ‘জায়গাটি আমার ক্রয় করা সম্পত্তি। আমার বৈধ জায়গায় আমি ঘর নির্মাণ করেছিলাম। আব্দুর রউফ পেশিশক্তি দিয়ে ঘর ভেঙে দিছে। তা ছাড়া কাশেম বিডিআর, জহিরুল ইসলাম রতনের নেতৃত্বে আমার ভাইয়ের দোকানে ভাঙচুর করেছে।’
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আট রাউন্ড ফাঁকা রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত বলেন, দুপক্ষের উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে দুপুর ১২টা থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

রাজধানীর জুরাইন রেলগেটে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর পরিচয় পাওয়া যায়নি। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বলে ধারণা করা হচ্ছে।
৭ মিনিট আগে
নারায়ণগঞ্জে এক হাজার শয্যার সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। আজ শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে টিম খোরশেদের ফ্রি অ্যাম্বুলেন্সসেবার উদ্বোধনে তিনি এ তথ্য দেন।
৯ মিনিট আগে
হামের পর ডেঙ্গু শনাক্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছিল দেড় বছরের শিশু তাইবা। উন্নত চিকিৎসার আশায় মেয়েকে নিয়ে কুষ্টিয়া থেকে রাজশাহী এসেছিলেন কৃষক জাহিদুল ইসলাম। কিন্তু সুস্থ মেয়েকে নিয়ে বাড়ি ফেরার আশা পূরণ হলো না তাঁর। আজ শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে...
৩৭ মিনিট আগে
সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোন সংযোগের তামার তার চুরি হওয়ার ঘটনায় শাহবাগ থানায় করা মামলায় গ্রেপ্তার দুজনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত রিমান্ডে নেওয়ার এই আদেশ দেন।
৪১ মিনিট আগে