Ajker Patrika

ব্যাটারিচালিত অটোরিকশার আইনি স্বীকৃতিসহ ৭ দফা দাবি মালিক-শ্রমিকদের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
ব্যাটারিচালিত অটোরিকশার আইনি স্বীকৃতিসহ ৭ দফা দাবি মালিক-শ্রমিকদের
জাতীয় প্রেসক্লাবে ব্যাটারিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

ব্যাটারিচালিত অটোরিকশা খাতকে আইনি স্বীকৃতি, চালকদের প্রশিক্ষণ ও লাইসেন্স প্রদান, পৃথক লেন চালুসহ সাত দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ব্যাটারিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। আজ রোববার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এসব দাবি জানান।

তাঁরা বলেন, রাজধানী ঢাকাসহ সারা দেশে লাখ-লাখ শ্রমজীবী মানুষের জীবিকা ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে যুক্ত। একই সঙ্গে প্রায় সাড়ে তিন কোটি মানুষের যাতায়াতে এ যানবাহন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ঢাকা মহানগর ব্যাটারিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি এস এম আবু বকর বলেন, ঢাকা মহানগরের ৮ থেকে ১৩টি পয়েন্ট দিয়ে প্রতিদিন হাজার হাজার অটোরিকশা ঢাকায় প্রবেশ করে সারা দিন কাজ করে সন্ধ্যায় বের হয়ে যায়। এসব গাড়ির প্রবেশ নিয়ন্ত্রণ করা হলে যানজট কমবে।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে—অটোরিকশাকে সড়ক পরিবহন আইনের আওতায় এনে সরকারি নিবন্ধন, রুট পারমিট ও চালকদের লাইসেন্স প্রদান; বুয়েটের নকশা অনুযায়ী নিরাপদ ব্রেকিং সিস্টেম ও বডি কাঠামো নিশ্চিত করে পুরোনো যানবাহন আধুনিকায়নের সুযোগ দেওয়া; চালকদের জন্য বাধ্যতামূলক ট্রাফিক প্রশিক্ষণ চালু করা।

এ ছাড়া ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনভিত্তিক দুটি অঞ্চলে অটোরিকশা চলাচল ব্যবস্থাপনা, সর্বোচ্চ ছয় লাখ গাড়ির লাইসেন্স বা সিলিং নির্ধারণ এবং প্রধান সড়কের পাশে পৃথক ‘লো-স্পিড লেন’ তৈরির দাবি জানানো হয়।

অন্য দাবির মধ্যে রয়েছে গ্যারেজে বৈধ প্রিপেইড মিটারের মাধ্যমে চার্জিং ব্যবস্থা, পরিবেশবান্ধব লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহারে উৎসাহ এবং চাঁদাবাজি ও অযথা ডাম্পিং বন্ধ করা। পাশাপাশি সড়ক ব্যবস্থাপনা ও পরিকল্পনায় মালিক-শ্রমিক প্রতিনিধিদের অন্তর্ভুক্তি এবং সংগঠনগুলোকে আইনগতভাবে নিবন্ধনের দাবি জানানো হয়।

দাবি আদায়ে আগামী ২২ সেপ্টেম্বর সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে তারা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

এ সময় বাংলাদেশ ব্যাটারিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মো. সাইদুল মোল্লা ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত