
রাজশাহীর গোদাগাড়ীতে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাই যোদ্ধা’ নামের একটি সংগঠনের অফিস করার জন্য প্রেসক্লাব দখলের চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) সকালে প্রেসক্লাবের ফটকে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। পরে সাংবাদিকেরা তালা কেটে ভেতরে ঢুকেছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আওয়ামী সরকার পতনের আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৫ আগস্ট গোদাগাড়ী উপজেলা সদরে ৩২ জন আহত হয়েছিলেন। তাঁরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাই যোদ্ধা নামের এই সংগঠনটি করেছেন। তাঁরা এখন প্রেসক্লাব ভবনে নিজেদের অফিস করতে চান।
এদিকে গোদাগাড়ীর সাংবাদিকদের একাংশ ২০০৪ সালে উপজেলা প্রেসক্লাব, গোদাগাড়ী নামের এই প্রেসক্লাব প্রতিষ্ঠা করেন। তখন উপজেলা সদরে একটি ভাড়া করা ঘরে এর কার্যক্রম চলত। ২০০৯ সালে ডাইংপাড়া মোড়ে সাংবাদিকেরা এককক্ষের একতলা একটি ভবন নির্মাণ করেন।
দীর্ঘদিন এই প্রেসক্লাবের সভাপতি ছিলেন আলমগীর কবির তোতা। জুলাই যোদ্ধাদের অভিযোগ, তিনি আওয়ামী লীগের দোসর। তাঁর উদাহরণ টেনে প্রেসক্লাবটি দখলের চেষ্টা চলছিল আগে থেকেই। এই অবস্থায় সম্প্রতি প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়। সভাপতি হন আমার দেশ পত্রিকার প্রতিনিধি সাইফুল ইসলাম। আর সাধারণ সম্পাদক কালবেলার জামিল আহমেদ।
গতকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাই যোদ্ধার সাধারণ সম্পাদক মো. মুরশালিন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি লিখিত অভিযোগ দেন। এতে বলা হয়, প্রেসক্লাবের ব্যানারে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। বিষয়টি যথাযথ তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে প্রেসক্লাবের নামে যেকোনো ধরনের রাজনৈতিক পুনর্বাসন কার্যক্রম বন্ধ করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। ইউএনওর কাছে এই অভিযোগ দেওয়ার পরই গতকাল সকালে প্রেসক্লাবের ফটকে তালা ঝুলানো হয়। এ নিয়ে প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলামও গোদাগাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দেন। কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। পরে সাংবাদিকেরা তালা কেটে ভেতরে ঢোকেন।
প্রেসক্লাবে তালা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাই যোদ্ধার সাধারণ সম্পাদক মো. মুরশালিন। তিনি বলেন, ‘ওখানে আওয়ামী লীগের দোসরেরা থাকত। ৫ তারিখের পরে বন্ধ করা হয়েছিল। আমার মতে, ভালো হবে একটু বসে সমাধানটা করে নেওয়া। আমরা এখন ইউএনওর কাছে অভিযোগ দিয়েছি। ইউএনও সাহেব যা করবেন তা-ই।’
সংগঠনের সভাপতি সাবিয়ার রহমান মিল্টন গোদাগাড়ী পৌর যুবদলের নেতা। তিনি বলেন, ‘আমরা জুলাইয়ের আহত ব্যক্তিরা সংগঠনটি করেছি। বিগত দুই ইউএনওর সময় থেকেই কয়েকজন প্রেসক্লাবটা নিয়ে জুলাই যোদ্ধাদের অফিস করতে চেয়েছে। আগের দুজন ইউএনওকেও জানানো হয়েছে; কিন্তু আমি সমর্থন করিনি। তালা দেওয়ার বিষয়টাও জানতাম না।’
উপজেলা প্রেসক্লাব, গোদাগাড়ীর সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘প্রেসক্লাব ভবন আমরা কষ্ট করে তিলে তিলে নির্মাণ করেছি। যাকে নিয়ে আপত্তি, তাকে বাদ দিয়ে কমিটি করা হয়েছে। এখানে সাংবাদিকতার চর্চা হয়। তারপরও এটি দখলের চেষ্টা করা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। আমি থানায় অভিযোগ করেছি। পুলিশ কোনো দায়িত্ব নিতে চায়নি। ইউএনওর কাছে গিয়েছিলাম, তিনিও এড়িয়ে যাচ্ছেন। আমরা নিরাপত্তাহীনতায় আছি।’
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বশির বলেন, ‘প্রেসক্লাবে তালা দেওয়ার ঘটনায় অভিযোগ পেয়েছি। আবার প্রেসক্লাবের ব্যাপারে ইউএনওর কাছেও অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টা আমরা হ্যান্ডেল করতে চাচ্ছি না। এটা ইউএনও দেখবেন। কথা হয়েছে।’
ইউএনও নাজমুস সাদাত রত্ন বলেন, ‘দখল ওইভাবে কেউ নেয়নি। প্রেসক্লাবে তালা দেওয়া হয়েছিল। সাংবাদিকেরা আবার তালা ভেঙে ঢুকেছেন। কার কী সমস্যা, সেটা দুই পক্ষের কথা শুনলে বোঝা যাবে। আমার এখনো কোনো ভাবনা নেই। দুই পক্ষের বক্তব্য শুনব। তারপরে।’

সাঁথিয়া উপজেলার আতাইকুলা এলাকায় চরমপন্থী সংগঠনের পোস্টার ছড়িয়ে পড়ার ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে সেগুলো অপসারণ করে। এতে স্থানীয়দের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এলেও আতঙ্ক কাটেনি।
১ মিনিট আগে
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীসহ একটি বাস পদ্মা নদীতে পড়ে গেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ইতিমধ্যেই বাসটি উদ্ধারে কাজ শুরু করেছে। ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে জানানো হয়েছে, ঢাকা সদর দপ্তর থেকে আরও ডুবুরি দল ঘটনাস্থলে যাচ্ছে।
৩ মিনিট আগে
রাজধানীর কদমতলীতে বিএনপির ওয়ার্ড সভাপতির বাসা থেকে বদর উদ্দিন (২১) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২৫ মার্চ) সকাল ১০টার দিকে কদমতলী মুরাদপুরের বাসার সাততলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
৪ মিনিট আগে
রংপুর মহানগরীকে যানজটমুক্ত করতে অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চালানো হয়েছে। আজ বুধবার রংপুর সিটি করপোরেশনের (রাসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমানের নেতৃত্বে নগরীর সিটিবাজার এলাকায় এই অভিযান চালানো হয়।
২৪ মিনিট আগে