Ajker Patrika

ডেঙ্গু প্রতিরোধ অভিযান

লার্ভা পাওয়ায় রাপা প্লাজাকে জরিমানা, ডিএসসিসির কর্মী বরখাস্ত

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ২০: ২৫
লার্ভা পাওয়ায় রাপা প্লাজাকে জরিমানা, ডিএসসিসির কর্মী বরখাস্ত
ধানমন্ডি ২৭ নম্বর সড়ক এলাকায় পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম পরিদর্শনে যান ডেঙ্গু সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সভাপতি মীর শাহে আলম ও ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম। ছবি: আজকের পত্রিকা

তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরুর প্রথম দিনেই রাজধানীর ধানমন্ডিতে মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে গাফিলতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এক কর্মীকে চাকরি থেকে বরখাস্ত এবং রাপা প্লাজাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শপিং মলটির গ্রাউন্ড পার্কিং জোনে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।

আজ শনিবার ধানমন্ডি ২৭ নম্বর সড়ক এলাকায় পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম পরিদর্শনকালে এ ব্যবস্থা নেওয়া হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং ডেঙ্গু সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সভাপতি মীর শাহে আলম এ কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম উপস্থিত ছিলেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান এসব তথ্য জানান।

আজ শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান তিন মাসব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় একযোগে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম শুরু হয়। অভিযানের প্রথম দিনে মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে দায়িত্ব পালনে গাফিলতির প্রমাণ পাওয়ায় ডিএসসিসির স্বাস্থ্য শাখার ওয়ার্ড-১৫, অঞ্চল-১-এর দায়িত্বপ্রাপ্ত কর্মী সুশীল চন্দ্র রবিদাসকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

ধানমন্ডিতে পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে। কেবল নির্দিষ্ট সময়ের অভিযানে সীমাবদ্ধ না থেকে বছরজুড়ে এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করতে হবে। তিনি পরিচ্ছন্নতা কার্যক্রমে সাধারণ নাগরিক, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় শুরু হওয়া এ কর্মসূচির মূল লক্ষ্য এডিস মশার প্রজননস্থল পুরোপুরি ধ্বংস করা এবং জনসচেতনতা তৈরি করা। নগরীর পরিচ্ছন্নতা ব্যবস্থার সক্ষমতা ও পরিচ্ছন্নতাকর্মীর সংখ্যা বাড়াতেও উদ্যোগ নেওয়া হয়েছে।

নির্মাণাধীন ভবনসহ যেকোনো স্থানে পানি জমে থাকলে দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি। অবহেলা পেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড ও কারাদণ্ড দেওয়া হবে বলেও জানান। তবে শাস্তির চেয়ে নাগরিক সচেতনতার ওপর বেশি গুরুত্ব দেন প্রতিমন্ত্রী।

ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম নগরবাসীর সহযোগিতা চেয়ে বলেন, নিজের ও পরিবারের সুরক্ষার স্বার্থেই সবাইকে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখতে হবে। পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত শহর গঠনে তিন মাসব্যাপী বিশেষ অভিযানে সবাইকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ কর্মসূচি আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে চলবে। জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সরকারি-বেসরকারি ও সামাজিক উদ্যোগের সমন্বয়ের লক্ষ্যে এ অভিযান পরিচালিত হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত