Ajker Patrika

মানিকগঞ্জে বিএনপির দুই পক্ষের অবস্থান কর্মসূচি ঘিরে উত্তেজনা, থানার সামনে ককটেলসদৃশ বস্তু

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি 
আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ২১: ৪৬
মানিকগঞ্জে বিএনপির দুই পক্ষের অবস্থান কর্মসূচি ঘিরে উত্তেজনা, থানার সামনে ককটেলসদৃশ বস্তু
ফাইল ছবি

মানিকগঞ্জের হরিরামপুরে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে আজ সোমবার দিনভর উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এক পক্ষ উপজেলা যুবদলের সদস্যসচিব মোল্লা শাহিনের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলদারিত্ব ও নানা অনিয়মের অভিযোগ তুলে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করে। অপর পক্ষ হরিরামপুর বালুমহালের ইজারাদার ও ধুলসুরা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বিল্লাল খানের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করে। পরে হরিরামপুর থানার সামনে থেকে ককটেলসদৃশ বস্তু ও পেট্রলবোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।

আজ দুপুর সাড়ে ১২টার দিকে কয়েকশ স্থানীয় বাসিন্দা ঝাড়ু হাতে উপজেলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি হরিরামপুর থানার দিকে অগ্রসর হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

বিক্ষোভকারীদের অভিযোগ, থানার দিকে যাওয়ার সময় মোল্লা শাহিনের সমর্থকেরা তাদের মিছিলে ককটেল বিস্ফোরণ ঘটান। এতে বিক্ষোভকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে মিছিলকারীরা ধাওয়া দিলে শাহিনের সমর্থকেরা ঘটনাস্থল ত্যাগ করেন।

তবে পুলিশের বক্তব্য ভিন্ন। হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসেন বলেন, ‘দুটি মামলা রুজুর প্রতিবাদে বিএনপির দুই পক্ষই পৃথকভাবে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছে। উভয় পক্ষ নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কর্মসূচি শেষ করে চলে যায় এবং ককটেল বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেনি।’

ওসি আরও বলেন, থানা ঘেরাওয়ের আশঙ্কায় কর্তৃপক্ষের নির্দেশনায় পুলিশ সদস্যরা থানার সামনে সতর্ক অবস্থানে ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে দুই পক্ষই শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে।

পরে ঝাড়ু মিছিলে অংশ নেওয়া স্থানীয়রা উপজেলা চত্বরে ফিরে মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তারা মোল্লা শাহিনের বিরুদ্ধে ওঠা চাঁদাবাজি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনের দাবি জানান। অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে দ্রুত আইনানুগ ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ারও দাবি করা হয়।

একই দিনে উপজেলা যুবদলের সদস্যসচিব মোল্লা শাহিনের নেতৃত্বে বিএনপির অপর পক্ষ হরিরামপুর বালুমহালের ইজারাদার বিল্লাল খানের বিরুদ্ধে পৃথক অবস্থান কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরাও বিভিন্ন অভিযোগ তুলে বিল্লাল খানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

দুই পক্ষের অবস্থান কর্মসূচি শেষ হওয়ার পর হরিরামপুর থানার সামনে থেকে পেট্রলবোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া এসব সরঞ্জাম আনার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য নিশ্চিত করতে পারেনি পুলিশ।

মোল্লা শাহিনের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত