
চট্টগ্রামের কর্ণফুলীতে ১৪৭টি ইয়াবা ট্যাবলেটসহ মো. জসিম উদ্দিন ওরফে ‘টোয়েন্টি জসিম’ (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কর্ণফুলী থানা-পুলিশ। পুলিশের দাবি, নিজের বিরুদ্ধে থাকা মামলার খরচ জোগাতেই তিনি মাদক কারবারে জড়িয়েছেন। এ ঘটনায় কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
আজ রোববার দুপুরে আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের কোরিয়ান কেইপিজেডের দক্ষিণ গেটের সু-গেট-১-এর সামনে পাকা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জসিম বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর এলাকার মৃত নসু মিয়া ওরফে নজু মিয়ার ছেলে।
কর্ণফুলী থানার বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নূরে আলম সিদ্দিকের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। পুলিশ জানায়, উপস্থিতি টের পেয়ে জসিম দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ সদস্যরা তাঁকে আটক করেন।
এজাহারে বলা হয়েছে, আটকের পর জিজ্ঞাসাবাদে জসিম তাঁর হেফাজতে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। পরে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ১৪৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার ওজন ১৪ গ্রাম। এজাহারে এসব ইয়াবার আনুমানিক মূল্য ৪৪ হাজার ১০০ টাকা উল্লেখ করা হয়েছে।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে জসিম জানান, তাঁর বিরুদ্ধে থাকা বিভিন্ন মামলার খরচ জোগাতে তিনি মাদক কারবার করে আসছিলেন। তিনি আরও জানান, পলাতক মো. আবছারের কাছ থেকে কম দামে ইয়াবা কিনে চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।
এজাহার ও পুলিশের সিডিএমএস যাচাইয়ের বরাতে জানা গেছে, জসিমের বিরুদ্ধে কর্ণফুলী, পটিয়া ও আনোয়ারা থানায় ডাকাতি, অস্ত্র, চুরি, বিস্ফোরক, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট ১২টি মামলা রয়েছে। এর মধ্যে কর্ণফুলী থানায় ২০১৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে করা মামলাগুলোর মধ্যে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র আইন, চুরি, দাঙ্গা, সরকারি কাজে বাধা, বিস্ফোরকদ্রব্য আইন, ছিনতাই ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রয়েছে। এ ছাড়া পটিয়া ও আনোয়ারা থানায়ও তাঁর বিরুদ্ধে ডাকাতির মামলা থাকার কথা এজাহারে উল্লেখ করা হয়েছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, এ ঘটনায় কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার জসিমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রাজধানীর গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার (উড়ালসড়ক) যানজট কমানোর বদলে যানজটের নতুন কেন্দ্র হয়ে উঠেছে। অনেক দিন ধরে ফ্লাইওভারের টোল প্লাজা, ওঠার র্যাম্প, সংযোগ সড়ক এবং আশপাশের বাস টার্মিনাল ঘিরে যান চলাচলে জটিলতা তৈরি হচ্ছে। এই পরিস্থিতির সমাধান করতে ফ্লাইওভারটি টোলমুক্ত করা, নিচের সড়ক প্রশস্ত...
৪ ঘণ্টা আগে
টিকিট উধাওয়ের বিষয়টি নিয়ে আজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন চলচ্চিত্র নির্মাতা ও চিত্রনাট্যকার আশফাক নিপুন। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেছেন, সেজো মামা, মামী আর মামাতো বোন এই পূজার ছুটিতে কক্সবাজার ঘুরে আসতে চান। যেহেতু লং জার্নিতে বয়স এবং স্বাস্থ্যের কারণে মামার পক্ষে টানা...
৫ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ইটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের সঙ্গে সম্পৃক্ততার তথ্য গোপন করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটিতে গুরুত্বপূর্ণ পদ নেওয়ার অভিযোগে দুই নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে দলটি। বহিষ্কৃত দুই নেতা হলেন ইটনা উপজেলার ৬ নম্বর বড়িবাড়ি ইউনিয়ন এনসিপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির...
৬ ঘণ্টা আগে
বাংলাদেশের ঐতিহ্যবাহী রিকশা পেইন্টিংকে বিশ্বমঞ্চে আরও অনন্য ও মর্যাদাপূর্ণভাবে তুলে ধরতে ইউনেসকো ও উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। আজ বুধবার ঢাকায় ইউনেসকোর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর করা হয়।
৬ ঘণ্টা আগে