Ajker Patrika

আনোয়ারায় জিপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের, মেলেনি পরিচয়

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
আনোয়ারায় জিপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের, মেলেনি পরিচয়
প্রতীকী ছবি

চট্টগ্রামের আনোয়ারায় সড়কের পাশে হাঁটার সময় দ্রুতগতির একটি জিপের ধাক্কায় ৭০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ নিহত হয়েছেন। দুর্ঘটনার পর জিপের চালককে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার ১ নম্বর বৈরাগ ইউনিয়নের পানির ট্যাংক এলাকায় সিইউএফএল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত বৃদ্ধের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। তাঁর পরনে ছিল আকাশি নীল রঙের পাঞ্জাবি। পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বিকেল থেকে ওই বৃদ্ধকে আশপাশের এলাকায় ভবঘুরে অবস্থায় ঘোরাফেরা করতে দেখা যায়। সন্ধ্যার দিকে সড়কের পাশে হাঁটার সময় দ্রুতগতির একটি জিপ তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় কয়েকজনের দাবি, বৃদ্ধের বাড়ি চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার মাইজপাড়া এলাকায়। সম্প্রতি এক ব্যক্তি তাঁকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য টানেলের একটি গাড়িতে তুলে দিয়েছিলেন। তবে এরপর কীভাবে তিনি আনোয়ারায় এসেছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী মো. ইব্রাহিম বলেন, জিপের ধাক্কায় বৃদ্ধ সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ওই বৃদ্ধকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। জিপের চালককে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত