Ajker Patrika

রাজধানীর কদমতলীতে বিএনপি নেতার বাসা থেকে মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক
রাজধানীর কদমতলীতে বিএনপি নেতার বাসা থেকে মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

রাজধানীর কদমতলীতে বিএনপির ওয়ার্ড সভাপতির বাসা থেকে বদর উদ্দিন (২১) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২৫ মার্চ) সকাল ১০টার দিকে কদমতলী মুরাদপুরের বাসার সাততলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. বেলাল হোসেন জানান, সকালে খবর পেয়ে মুরাদপুরের বাসার সাততলার দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় মরদেহটি ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল এবং আংশিক পচনশীল ছিল।

এসআই আরও জানান, ওই বাসা বিএনপি নেতা রবিউল ইসলাম দিপুর। তিনি ইন্টারনেট ব্যবসায়ী। তাঁর প্রতিষ্ঠানের কর্মচারী ছিলেন বদর উদ্দিন। ছয়জন কর্মচারী থাকতেন সাততলায়। সবাই ঈদের ছুটিতে বাড়ি গেলেও বদর উদ্দিন ঢাকাতেই ছিলেন। মরদেহটি আংশিক পচনশীল ছিল। ধারণা করা হচ্ছে, তিন দিন আগে বদর উদ্দিন গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কদমতলী থানার ৫২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রবিউল ইসলাম দিপু জানান, মুরাদপুর আলী সরদার রোডে তাঁর সাততলা বাড়ি। নিজেরা দোতলায় থাকেন। এলাকায় তাঁর ইন্টারনেট ব্যবসা আছে। সাততলায় ছয়জন কর্মচারী থাকেন। ঈদের ছুটিতে পাঁচজন বাড়ি গেলেও বদর উদ্দিন বাসায়ই ছিলেন। আজ সকালে ওপরে উঠে তিনি দেখেন, ভেতর থেকে দরজা বন্ধ। ভেতর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। এরপর থানা-পুলিশে খবর দেওয়া হয়। তবে বদর উদ্দিন গলায় কেন ফাঁসি দিয়েছেন, সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।

মৃত বদর উদ্দিনের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা জেলার দলিলপুর পূর্বপাড়া গ্রামে। বাবার নাম মো. গোলাম মোস্তফা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত