
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক মো. আসাদুর রহমানের ওপর হামলার পর তাঁকে ফের হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। এর আগে ৬ আগস্ট হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তাঁর কাছে ১৫ হাজার ডলার চাঁদা দাবি করেছিল সন্ত্রাসীরা। ১৪ আগস্টের মধ্যে ওই অর্থ পরিশোধের সময়সীমা বেঁধে দেওয়া হয়। নির্ধারিত সময়ে চাঁদা না দেওয়ায় গত সোমবার (১৭ আগস্ট) রাতে রাজধানীর শান্তিনগরে তাঁর ওপর হামলা চালানো হয়। পুলিশ এই ঘটনায় জীবন নামের একজনকে গ্রেপ্তার করলেও হামলায় অংশ নেওয়া অপর ব্যক্তিদের এখনো ধরতে পারেনি।
বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অধ্যাপক আসাদুর রহমানের দুই চোখে রক্ত জমাট বেঁধেছে। তাঁর চোখের কর্নিয়াও ক্ষতিগ্রস্ত হয়েছে।
আহত চিকিৎসক আজকের পত্রিকাকে জানান, ৬ আগস্ট তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরের হোয়াটসঅ্যাপে একটি নম্বর থেকে ওই হুমকির বার্তা আসে। তখন তিনি বিষয়টিকে গুরুত্ব দেননি। কোনো প্রতারক চক্র হয়তো তাঁকে ভয় দেখানোর চেষ্টা করছে—এমনটি ভেবে তিনি আইনি কোনো ব্যবস্থা নেননি। তবে হামলার পর তিনি বুঝতে পারেন, হুমকির সঙ্গে হামলার যোগসূত্র থাকতে পারে।
আসাদুর রহমান আরও জানান, ১৪ আগস্টের মধ্যে চাঁদা দেওয়ার কথা বলা হলেও তিনি তা দেননি, সন্ত্রাসীদের বার্তার পাত্তাও দেননি। এরপর গত সোমবার রাতে শান্তিনগরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে তাঁর ওপর হামলা হয়। হামলার প্রায় এক ঘণ্টা পর সন্ত্রাসীরা তাঁকে আবার বার্তা পাঠিয়ে জানতে চায়, ‘এখন কেমন লাগে?’ পরদিন গত মঙ্গলবার (১৮ আগস্ট) ফের হুমকি দিয়ে বলা হয়, ‘তুমি কি আমাদের সঙ্গে আরও লাগতে আসবা? তুমি কোথায় যাবা, যার কাছেই যাবা, তাদের সঙ্গেই আমাদের যোগাযোগ আছে।’
চিকিৎসক জানান, এসব হুমকি ‘ডেভিড ইমন’ নামে দেওয়া হয়েছে। এতে তিনি এখন ভীতসন্ত্রস্ত। তাঁর ধারণা, এর পেছনে কোনো বড় গ্যাং থাকতে পারে।
এর আগে ৬ আগস্ট ইংরেজিতে পাঠানো ওই বার্তায় বলা হয়, ১৪ আগস্টের মধ্যে তাদের সংগঠনকে ১৫ হাজার ডলার নগদ দিতে হবে। বার্তায় চিকিৎসককে দুর্নীতিগ্রস্ত ও অসৎ বলে অভিযোগ করা হয়। পাশাপাশি আনোয়ার খান মডার্ন হাসপাতাল, পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও ঢামেক হাসপাতালে তাঁর কর্মকাণ্ড নিয়েও নানা অভিযোগ তোলা হয়।
বার্তায় আরও বলা হয়, তিনি চাইলে সরকারের যেকোনো সংস্থা, পুলিশ বা সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করতে পারেন। তবে তারা তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের স্থায়ী নিরাপত্তা দিতে পারবে না বলেও হুমকি দেওয়া হয়। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে থাকা কথিত দুর্নীতির তথ্য প্রকাশ করার হুমকিও দেওয়া হয়।
চাঁদা দেওয়ার নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর গত সোমবার রাতে শান্তিনগরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে অধ্যাপক আসাদুর রহমানের ওপর হামলা হয়। ওই দিন রাত সাড়ে ১১টার দিকে চেম্বার শেষে সিএনজিচালিত অটোরিকশায় করে মোহাম্মদপুরের বাসায় ফিরছিলেন তিনি।
পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কর্মী রাশেদুল ইসলাম জানান, শান্তিনগরে পপুলারের তিন নম্বর ভবনে ব্যক্তিগত চেম্বার শেষে অধ্যাপক আসাদুর সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। এ সময় চার থেকে পাঁচজন ব্যক্তি অটোরিকশাটি থামিয়ে দেশীয় অস্ত্র দিয়ে তাঁর ওপর হামলা চালান। এতে তাঁর মাথা, চোখ ও নাকে আঘাত লাগে।
হামলার সময় এক হামলাকারীকে পথচারীরা ধাওয়া করে ধরে পুলিশে দেন। পরে তাঁকে অধ্যাপক আসাদুর রহমানের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম জীবন। ঢাকায় তাঁর বাসা ডেমরায়, গ্রামের বাড়ি লক্ষ্মীপুর। হামলায় তাঁরা পাঁচজন অংশ নেন। পুলিশের ধারণা, তাঁরা কোনো একটি সন্ত্রাসী গ্রুপের মাঠকর্মী। তাঁরা সবাই ছদ্মনাম ব্যবহার করেছেন। জীবনের আরও একটি নাম আদিল। তাঁর এনআইডি যাচাই-বাছাই করা হচ্ছে। হামলায় অংশ নেওয়া অপর চারজনের ছদ্মনাম পাওয়া গেলেও তাঁদের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান জানান, অধ্যাপক আসাদুরের ওপর হামলার ঘটনায় তিনি নিজেই বাদী হয়ে একটি মামলা করেছেন। ওই মামলায় জীবনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁকে রিমান্ডে আনা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ডেভিড ইমনের নামে যে বার্তা দেওয়া হয়েছে, সেই ডেভিড ইমন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী। সম্প্রতি তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ধারণা, তাঁর নাম ব্যবহার করে হয়তো অন্য কোনো গ্রুপ এই হুমকি দিয়েছে। এ ছাড়া ক্যাপ্টেন ইমন নামের মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী রয়েছেন। তবে তাঁরা এই হুমকি ও হামলার সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখবে পুলিশ।
এদিকে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব মো. জহিরুল ইসলাম অভিযোগ করেছেন, অতীতে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় যথাযথ বিচার না হওয়ায় বারবার এ ধরনের ঘটনা ঘটছে। তিনি অধ্যাপক আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

রাজধানীর ধানমন্ডি লেকের তলদেশে জমে থাকা কাদা ও বর্জ্য অপসারণের মধ্য দিয়ে লেকটির পুনঃখনন ও আধুনিকায়নের কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। প্রায় এক বছর ধরে চলবে পুনঃখননের কাজ। এরপর লেকের পানি শোধন, পাড়ের দেয়াল সংস্কার, ওয়াকওয়ে আধুনিকায়ন ও সম্প্রসারণ, সৌন্দর্যবর্ধন এবং আলোকসজ্জাসহ বিভ
১৯ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামে ফজরের আজান দেওয়ার উদ্দেশ্যে মসজিদে গিয়ে মৃত্যুবরণ করেছেন বাগৈগ্রাম পশ্চিম পাড়া জামে মসজিদের মুয়াজ্জিন শাহজাহান মিস্ত্রী। মঙ্গলবার ভোরে মসজিদে প্রবেশের পর তিনি লুটিয়ে পড়েন বলে জানান ইমাম।
২১ মিনিট আগে
সাংবাদিকতায় যুক্ত হওয়ার কয়েক মাসের মধ্যেই জামালপুরের দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হয়েছেন দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু। সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত একজন ব্যক্তির প্রেসক্লাবের শীর্ষ পদে আসীন হওয়ার ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
৩০ মিনিট আগে
যৌতুকের দাবিতে স্ত্রী ও শিশুকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার মামলায় মো. রাকিবুল হাসান রাকিবকে (২৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ. ন. ম. ইলিয়
৩৮ মিনিট আগে