
গাইবান্ধার ফুলছড়ি সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে ২০২৬ সালের এইচএসসি বাংলা প্রথমপত্র পরীক্ষায় ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত এ পরীক্ষায় দুটি কক্ষে প্রশ্নপত্র অদলবদলের ঘটনা ঘটে বলে পরীক্ষার্থী ও কেন্দ্রসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বিষয়টি পরীক্ষা শেষে জানাজানি হলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়।
কেন্দ্রসংশ্লিষ্ট সূত্র জানায়, নিয়মিত পরীক্ষার্থীদের অনিয়মিতদের প্রশ্নপত্র এবং অনিয়মিত পরীক্ষার্থীদের নিয়মিতদের প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা চলাকালে কয়েকজন শিক্ষার্থী প্রশ্নপত্র নিয়ে সংশয় প্রকাশ করে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের বিষয়টি জানালেও তাঁদের পরীক্ষা চালিয়ে যেতে বলা হয়। পরে অন্য কক্ষের পরীক্ষার্থীদের প্রশ্নপত্রের সঙ্গে মিলিয়ে দেখার পর অদলবদলের বিষয়টি নিশ্চিত হয়।
কেন্দ্রের ১০৭ নম্বর কক্ষে পরীক্ষা দেওয়া একাধিক নিয়মিত শিক্ষার্থী জানান, তাঁদের মধ্যে প্রায় ৬০ জন পরীক্ষার্থী ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছেন। তাঁরা ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী সরবরাহ করা প্রশ্নে পরীক্ষা দেন। এদিকে ১০৯ নম্বর কক্ষে পরীক্ষা দেওয়া একাধিক অনিয়মিত পরীক্ষার্থী জানান, তাঁদের ২০২৬ সালের বৃহত্তর সিলেবাস অনুযায়ী তৈরি করা প্রশ্ন সরবরাহ করা হয়। এতে তাঁদের পরীক্ষা খুবই খারাপ হয়েছে। তবে এ কক্ষে ঠিক কতজন পরীক্ষার্থী এ সমস্যায় পড়েছেন, তা নিশ্চিত করে কেউ বলতে পারেননি।
কেন্দ্রে পরীক্ষা দেওয়া সব পরীক্ষার্থীই সাঘাটা উপজেলার উদয়ন মহিলা ডিগ্রি কলেজ ও ফুলছড়ি উপজেলার বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের বলে জানা গেছে।
নিয়মিত পরীক্ষার্থী মারুফা আক্তার বলেন, `আমাদের ১০৭ নম্বর কক্ষে ৯০ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছি। পরীক্ষার সময় আমরা শিক্ষকদের বিষয়টি জানালেও তাঁরা বলেন, ``সমস্যা নেই, পরীক্ষা দিতে থাকো।'' পরে অন্যদের প্রশ্নপত্রের সঙ্গে মিলিয়ে দেখি আমাদের প্রশ্নপত্র ভিন্ন ছিল। এতে আমরা খুবই দুশ্চিন্তায় পড়েছি।' প্রায় একই ধরনের অভিযোগ করেন ওই কক্ষের পরীক্ষার্থী শিমু আক্তার ও হিরা আক্তারসহ অনেকে।
অনিয়মিত পরীক্ষার্থী আব্দুল আহাদ ও আদহাম বুলখী বলেন, `আমাদের ১০৯ নম্বর কক্ষে অনিয়মিত পরীক্ষার্থীদের নিয়মিতদের প্রশ্নপত্র দেওয়া হয়েছে। এতে অনেক অনিয়মিত পরীক্ষার্থী তাঁদের নির্ধারিত সিলেবাসের বাইরে প্রশ্নের উত্তর লিখেছেন। আমাদের ফলাফল এখন ঝুঁকিতে পড়ে গেছে।'
একাধিক অভিভাবক বলেন, এ ধরনের অবহেলার কারণে তাঁদের সন্তানদের একটি শিক্ষাবর্ষ নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা দাবি করেন।
ঘটনার বিষয়ে কেন্দ্র সচিব ও ফুলছড়ি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ এস. এম. আসাদুল ইসলাম বলেন, `যে প্রশ্নপত্রেই পরীক্ষা নেওয়া হয়ে থাকুক, সেই প্রশ্নপত্রের ভিত্তিতেই মূল্যায়ন করা হবে। আমি শিক্ষা বোর্ডের সঙ্গে কথা বলেছি। বোর্ড জানিয়েছে, পরীক্ষার্থীদের কোনো সমস্যা হবে না। ঠিক কতজন পরীক্ষার্থীর এধরনের সমস্যা হয়েছে, আমি এই মুহূর্তে বলতে পারছি না।'
ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনার বিষয়টি জানার পরপরই তিনি কেন্দ্র সচিবকে পদক্ষেপ নিতে বলেছেন। কোনো পরীক্ষার্থীর যেন ক্ষতি না হয়, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড় জমে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফুলছড়ি ফাঁড়ি পুলিশের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন।
ফুলছড়ি ফাঁড়ি পুলিশের ইনচার্জ মশিউর রহমান বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ দায়িত্ব পালন করছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
গাইবান্ধা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান বলেন, ভুল প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণের দায় সম্পূর্ণ কেন্দ্র সচিবের। তাঁর ভাষ্য, বোর্ডের নির্দেশনা অনুযায়ী নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের পৃথক কক্ষে বসানোর কথা। পাশাপাশি প্রশ্নপত্র বিতরণের আগে তা যথাযথভাবে যাচাই-বাছাই নিশ্চিত করতে হয়। এ ক্ষেত্রে সেই নির্দেশনা অনুসরণ করা হয়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এ বছর ফুলছড়ি সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে মোট ২৯৬ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে।

চট্টগ্রামের পটিয়ায় দুই সন্তানের জননী সোনিয়া আক্তার (৩০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সবুর মার্কেট এলাকার আনোয়ার শাহ মাজারসংলগ্ন নিজ বসতবাড়ি থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। পুলিশের প্রাথমিক ধারণা...
৩ মিনিট আগে
ফটিকছড়ির হেঁয়াকো এলাকায় নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার প্রশাসনিক কার্যক্রমের জন্য যৌক্তিক স্থানে উপজেলা সদর স্থাপনের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। প্রায় দুই ঘণ্টার অবরোধে ফেনী-খাগড়াছড়ি মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
৮ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরসহ দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো বিদেশি স্বার্থের কাছে তুলে দেওয়ার উদ্যোগ জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। তাদের দাবি, সেন্ট মার্টিন, সোনাদিয়া, মাতারবাড়ি ও চট্টগ্রাম বন্দরকে ঘিরে যে পরিকল্পনা নেওয়া হচ্ছে, তা বৃহৎ শক্তির ভূরাজনৈতিক কৌশলের অংশ...
১২ মিনিট আগে
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের দক্ষিণ গোড়ামী (মির্জাপুর) গ্রামে জমিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন দুই ভাই মারা গেছেন। বৃহস্পতিবার বিকেলের এ ঘটনায় আরও দুইজন আহত হয়ে প্রাথমিক চিকিৎসার পর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
১৮ মিনিট আগে