
চাঁদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ তিন বিচারকের বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও অশোভন আচরণের অভিযোগ তুলে তাঁদের প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন জেলা আইনজীবী সমিতির সদস্যরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় চাঁদপুর আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির ব্যানারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
তিন বিচারক হলেন—চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১-এর বিচারক পলাশ বর্ধন এবং সদর সিনিয়র সিভিল জজ আদালতের বিচারক শম্পা ইসলাম।
মানববন্ধনে সভাপতির বক্তব্যে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টু বলেন, এই কর্মসূচি শুধু আইনজীবীদের জন্য নয়, বিচারপ্রার্থীদেরও। আমরা বার ও বেঞ্চের মধ্যে সমন্বয়ের মাধ্যমে বিচারিক কার্যক্রম এগিয়ে নিতে চাই। কিন্তু প্রায় পাঁচ মাস ধরে বার ও বেঞ্চের মধ্যে কোনো সম্পর্ক নেই। এ কারণেই আইনজীবীরা ক্ষোভ প্রকাশ করতে মাঠে নেমেছেন।
সভাপতি আরও বলেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সঙ্গে বিচারকদের বিষয়ে একাধিকবার আলোচনা করা হলেও তিনি আইনজীবীদের বক্তব্যে কর্ণপাত করেননি বরং নিজেদের ইচ্ছেমতো বিচারকার্য পরিচালনা করছেন।
কয়েকজন বিচারকের বিরুদ্ধে আইনজীবীদের হুমকি দেওয়ার অভিযোগও করেন শামছুল ইসলাম মন্টু। তিনি বলেন, কোনো হুমকিতে আইনজীবীরা আন্দোলন থেকে পিছপা হবেন না। আমাদের দাবি মানা না হলে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। যেসব বিচারক হুমকি-ধমকি দিচ্ছেন, প্রয়োজনে তাঁদের আদালতও বর্জনের সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী বুধবার বিক্ষোভ মিছিলের কর্মসূচি রয়েছে বলেও জানান তিনি।
আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার ফয়সালের সঞ্চালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সেলিম আকবর, আহসান হাবীব, কামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক এমরান হোসেন, জসিম মেহেদী, সিনিয়র আইনজীবী ওমর ফারুক টিটো, তাফাজ্জল হোসেন, জসিম উদ্দিন, জহির উদ্দিন সরকার, জাবের হোসেন, সুপ্তা, আবু সায়েম, তৌহিদুল ইসলাম তরুন, মানসুরী, শাহ আলম ফরাজী ও শেখ জাহাঙ্গীর আলম।
বক্তারা বলেন, আইনজীবী ও বিচারকদের মধ্যে সমন্বয় না থাকলে ন্যায়বিচার নিশ্চিত করা কঠিন। বিচারকদের পাশাপাশি আদালতের বেঞ্চ সহকারী ও পেশকারদের বিরুদ্ধেও বিভিন্ন অভিযোগ রয়েছে বলে দাবি করেন তাঁরা। তাঁদের অভিযোগ, আদালতের বিভিন্ন কাজের ক্ষেত্রে অর্থ আদায়কে কেউ কেউ নিয়মে পরিণত করেছেন। ঘুষ ও দুর্নীতির সঙ্গে জড়িতদেরও প্রত্যাহারের দাবি জানান তাঁরা।
এর আগে গতকাল রোববার তিন বিচারকের প্রত্যাহারের দাবিতে আদালত প্রাঙ্গণে প্রতিবাদ সভা করেন আইনজীবীরা। তারও আগে গত ৯ সেপ্টেম্বর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে প্রায় সাড়ে ৪০০ আইনজীবীর উপস্থিতিতে অনুষ্ঠিত জরুরি সাধারণ সভায় তিন বিচারকের আদালত বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়।

নোয়াখালীর হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ ঝাঁজালো গন্ধ ছড়িয়ে পড়ায় আবার ২১ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে শ্রেণিকক্ষে কী ধরনের ঝাঁজালো গন্ধ ছড়িয়েছিল এবং এর উৎস কী, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
৭ মিনিট আগে
‘মোজো’ সবসময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। মানুষের প্রতিটি মুহূর্তের সঙ্গী হওয়ার পাশাপাশি যে কোনো সংকট ও মানবিক বিপর্যয়ে মানুষের পাশে থাকাই মোজো-এর অন্যতম অঙ্গীকার। মানবিক কাজে পাশে থাকার এই দায়বদ্ধতার ধারাবাহিকতায় এবার প্রতিবেশী দেশ নেপালের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের বেভারেজ ব্র্যান্ড ‘মোজো’।
৮ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে যৌন হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগে মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মো. নুরুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
১০ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সম্প্রতি ঘটে যাওয়া তিনটি বিতর্কিত ঘটনা তদন্তে পৃথক তিনটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ডাকসুর ‘ডিইউ ইভ্যালুয়েশন’ নামের একটি নতুন ওয়েবসাইট চালু, অনুমতি ছাড়া ‘নির্ভীক জুলাই’ নামের দুটি স্মৃতিস্তম্ভ স্থাপন...
২৪ মিনিট আগে