
ফেনী শহরের রাজাঝির দিঘি থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ মার্চ) দিবাগত রাত ১টার দিকে রাজাঝির দিঘির উত্তর পাশে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে দিঘির পাশ দিয়ে যাওয়ার সময় কয়েকজন পথচারী পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে বিষয়টি আশপাশের লোকজনকে জানালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট দিঘি থেকে মরদেহটি উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ৯৯৯-এ কল পাওয়ার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দিঘি থেকে মরদেহটি উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সাইফুল ইসলাম আরও বলেন, উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহের পরিচয় নিশ্চিত করা এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ বিষয়টি তদন্ত করছে।
এ সময় ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম, ফায়ার সার্ভিসের সদস্য ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, এর আগে গত বছরের ৯ ডিসেম্বর রাত ৯টার দিকে একই দিঘির পশ্চিম পাশ থেকে শুক্কুর আলী নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছিল পুলিশ।

রাজবাড়ীতে আলুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে চালক নিহত হয়েছেন। রোববার ভোরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কামালদিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালকের নাম সজীব হোসেন (২৫)। তিনি নাটোর জেলার বাসিলা এলাকার শাহাদাত হোসেনের ছেলে।
৪৩ মিনিট আগে
মানবিক কারণে বিজলি ও তাঁর পরিবারের সদস্যরা ওই তরুণীকে সঙ্গে নিয়ে নবীননগর গ্রামে বিজলির বাবার বাড়িতে আশ্রয় দেন। দিন শেষে আসরের নামাজের পর সন্ধ্যার দিকে ওই তরুণী বিজলির কাছ থেকে শিশুটিকে কোলে নেওয়ার কথা বলেন। এরপর কৌশলে শিশুটিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যান।
১ ঘণ্টা আগে
মাংসের দাম বেড়ে যাওয়ায় গ্রামের অনেক পরিবার একবারে দুই থেকে তিন কেজি মাংস কেনার সামর্থ্য রাখে না। তাই সাপ্তাহিকভাবে অল্প অল্প টাকা জমিয়ে ঈদের ৫ থেকে ১০ দিন আগে গরু কিনে জবাই করা হয়। এরপর সদস্যদের মধ্যে মাংস ভাগ করে দেওয়া হয়।
২ ঘণ্টা আগে
তবে অটোরিকশাচালকদের দাবি ভিন্ন। তাঁদের ভাষ্য, জীবিকার তাগিদেই বাধ্য হয়ে মহাসড়কে অটোরিকশা চালাতে হচ্ছে। যানজটের জন্য এককভাবে তাঁদের দায়ী করাও ঠিক নয়। নিরাপদ চলাচলের জন্য মহাসড়কে অটোরিকশার আলাদা লেন তৈরির দাবি জানান তাঁরা।
৩ ঘণ্টা আগে