Ajker Patrika

তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে দুদকের অভিযান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে দুদকের অভিযান
ছবি: বাসস

বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসের বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে রাজধানীর তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে এ অভিযান শুরু হয়েছে।

দুদকের সহকারী পরিচালক আল আমিনের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করছে। দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ আজকের পত্রিকাকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা গেছে, বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসের বিভিন্ন কার্যক্রম নিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়ার পর কমিশনের পক্ষ থেকে বিষয়টি যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়। এরই অংশ হিসেবে রেজিস্ট্রেশন কমপ্লেক্সে অভিযান চালানো হচ্ছে।

অভিযানে বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসের বিভিন্ন রেজিস্ট্রেশন কার্যক্রম, সংশ্লিষ্ট নথিপত্র ও দলিলপত্র পর্যালোচনা করা হচ্ছে। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত সংগ্রহের পাশাপাশি রেজিস্ট্রেশন কার্যক্রমে কোনো অনিয়ম হয়েছে কি না, তা যাচাই করছেন দুদকের কর্মকর্তারা।

এ ছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকেও প্রয়োজনীয় তথ্য নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

দুদক সূত্র আরও জানায়, অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ের পাশাপাশি অভিযানের মাধ্যমে পাওয়া নথিপত্র ও তথ্য-উপাত্ত পর্যালোচনা করা হবে। এতে অনিয়ম বা দুর্নীতির কোনো প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।

দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ আজকের পত্রিকাকে বলেন, বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে অভিযান চলছে। সহকারী পরিচালক আল আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

রোববার সকাল থেকে শুরু হওয়া অভিযানটি এখনো চলমান রয়েছে। অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে দুদক সূত্রে জানা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত