ধানমন্ডিতে শিল্পী-জনতার প্রতিবাদী মানববন্ধনে পুলিশের বাধা, আটক ১

ধানমন্ডিতে শিল্পী-জনতার প্রতিবাদী মানববন্ধন পুলিশি বাধায় পণ্ড হয়েছে। আজ সোমবার বিকেল ৪টায় ধানমন্ডি ২৭ নম্বরে মীনা বাজারের সামনে প্রতিবাদী শিল্পী-জনতার ব্যানারে জড়ো হয়েছিলেন তাঁরা। তবে পুলিশের বাধায় প্রতিবাদ কর্মসূচি করতে পারেননি সংস্কৃতিকর্মীরা। এ সময় একজনকে আটক করেও নিয়ে গেছে পুলিশ।
দেশের নানা স্থানে বাউলগানসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে তৌহিদি জনতার নামে সন্ত্রাসীদের হামলা ও আগ্রাসনের প্রতিবাদে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।
আয়োজকেরা জানিয়েছেন, সম্প্রতি দেশের নানা স্থানে তৌহিদি জনতার ব্যানারে সাংস্কৃতিক আয়োজন, বাউলগানসহ বিভিন্ন আয়োজনে বাধা সৃষ্টি করা হচ্ছে। এর প্রতিবাদে সংস্কৃতিকর্মীরা ধানমন্ডিতে এই কর্মসূচির আয়োজন করেন। কিন্তু বিকেল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত হন।
বিকেলে কর্মসূচিতে নাট্যকর্মী এহসানুল আজিজ বাবু, অভিনেত্রী সুমনা সোমা, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা দীপক শীলসহ বেশ কয়েকজন কর্মসূচিতে যোগ দেন। সংস্কৃতিকর্মীরা কর্মসূচি আয়োজন করতে এগিয়ে এলে পুলিশ বাধা দেয়। পুলিশের সঙ্গে সংস্কৃতিকর্মীদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে দীপক শীলকে পুলিশ আটক করে।
ঘটনার বর্ণনা দিয়ে অভিনেত্রী সুমনা সোমা বলেন, ‘দেশজুড়ে বাউলদের ওপর হামলা ও সাংস্কৃতিক আয়োজনে বাধা দেওয়ার প্রতিবাদ জানাতে সংস্কৃতিকর্মীরা এখানে জড়ো হন। কিন্তু পুলিশের এক সদস্য এসে আমাদের বলেন—‘‘জয় বাংলা’’ স্লোগান দেওয়া যাবে না। আমরা এর প্রতিবাদ জানালে পুলিশ দীপককে টেনেহিঁচড়ে গাড়িতে তোলে।’
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ ইবনে মিজান বলেন, ‘আমরা তাঁদের উসকানিমূলক স্লোগান ও কথা বলতে নিষেধ করি। এ সময় তাঁরা পাল্টা প্রশ্ন করেন, জয় বাংলা স্লোগান নষ্ট হয়ে গেছে কি না।’ তিনি আরও বলেন, এ নিয়ে পুলিশের সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ঘটনাস্থল থেকে একজনকে প্রাথমিকভাবে আটক করা হয়েছে।









