Ajker Patrika

জুলাই শহীদদের স্মরণে গোপালগঞ্জে দিনব্যাপী কর্মসূচি

গোপালগঞ্জ প্রতিনিধি
জুলাই শহীদদের স্মরণে গোপালগঞ্জে দিনব্যাপী কর্মসূচি
গোপালগঞ্জ জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। ছবি: আজকের পত্রিকা

‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে গোপালগঞ্জে নানা কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে জুলাই শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সংবর্ধনা, প্রামাণ্যচিত্র প্রদর্শনসহ বিভিন্ন আয়োজন করা হয়।

সকাল ১০টায় গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন নির্মাণাধীন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। প্রথমে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর শ্রদ্ধা নিবেদন করেন। পরে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, জেলা বিএনপি ও সহযোগী সংগঠন, বিভিন্ন সরকারি দপ্তর এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ ছাড়া জেলা, উপজেলা পর্যায়ে মিলনায়তন ও উন্মুক্ত স্থানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সরবরাহ করা চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। জুলাই আন্দোলনের ওপর দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে জোহরের নামাজের পর জেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়। একই সঙ্গে জেলার সরকারি হাসপাতাল, কারাগার, সরকারি শিশু পরিবার, শিশু পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, ডে-কেয়ার ও শিশু বিকাশ কেন্দ্রগুলোতে প্রীতিভোজের আয়োজন করা হয়।

এদিন জেলার সরকারি ও বেসরকারি বিনোদনকেন্দ্রগুলো শিশুদের জন্য উন্মুক্ত রাখা হয় এবং বিনা টিকিটে প্রবেশের ব্যবস্থা করা হয়। শহরের প্রধান সড়ক ও সড়কদ্বীপগুলো জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও রঙিন নিশানে সাজানো হয়।

গোপালগঞ্জ শিশু একাডেমির উদ্যোগে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এদিকে দিবসটি উপলক্ষে জেলা বিএনপি ও জেলা জামায়াতের উদ্যোগে শহরে পৃথক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাগুলো শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত