
গাজীপুরে ঢাকা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য (ভিসি) যোগদানকে কেন্দ্র করে দফায় দফায় ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় ক্যাম্পাস ক্যাম্পাসের আশপাশের এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়। ইটপাটকেল নিক্ষেপ ও আগুন দেওয়ার মতো ঘটনা ঘটে। এতে শিক্ষার্থী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সাংবাদিকসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে।
আজ রোববার সকালে ঢাকা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(ডুয়েট) এ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
জানা যায়, গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ থেকে ১২টি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আজ সকালে নতুন ভিসি কর্মস্থলে দায়িত্ব গ্রহণের উদ্দেশ্যে ক্যাম্পাসে আসেন। তবে এর আগেই ইসলামী ছাত্রশিবিরের সমর্থনে শিক্ষার্থীদের একাংশ ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে লাল কার্ড কর্মসূচির ব্যানারে মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করে।
ভিসি ক্যাম্পাসের বাইরে একটি মাইক্রোবাসে অপেক্ষা করছিলেন। তাঁকে স্বাগত জানিয়ে তাঁর সঙ্গে থাকা শিক্ষার্থীদের একাংশ ছাত্রদলের ব্যানারে মূল ফটক খুলে ভেতরে প্রবেশের চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। ক্যাম্পাসের ভেতর থাকা শিক্ষার্থীরা গেটের বাইরে থাকা শিক্ষার্থীদের লক্ষ্য করে এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে কয়েকজন শিক্ষার্থী এবং পুলিশ কর্মকর্তাসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন। পরে বাইরে থাকা শিক্ষার্থীরাও ইটপাটকেল ছুড়তে শুরু করে। মূল ফটকের সামনে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশের সময় ক্যাম্পাসের ভেতর থেকে ছাত্রশিবিরের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীদের একাংশ বাইরে থাকা পুলিশ ও শিক্ষার্থীদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। জবাবে বাইরে থাকা শিক্ষার্থীরাও পাল্টা ইটপাটকেল ছোড়ে। দফায় দফায় চলা প্রায় আড়াই ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে।
ইটপাটকেলের আঘাতে আহত হয়েছেন গাজীপুর মহানগর পুলিশের তিন কর্মকর্তাসহ পাঁচ পুলিশ সদস্য। গাজীপুর সদর উপজেলার ইউএনও সাজ্জাদ হোসেন ও গণমাধ্যমে কর্মীরাও আহত হয়েছে। এ ছাড়া ১০ জন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আন্দোলনকারী শিক্ষার্থীদের একাংশের দাবি, ডুয়েটের শিক্ষা ব্যবস্থা, শিক্ষার্থীদের বাস্তবতা এবং প্রশাসনের চ্যালেঞ্জগুলো বোঝার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকেই ভিসি নিয়োগ দিতে হবে। বহিরাগত কেউ এলে বিশ্ববিদ্যালয়ের দীর্ঘমেয়াদি উন্নয়ন বাধাগ্রস্ত হবে। আন্দোলনকারীদের অভিযোগ, বহিরাগতরা এসে তাঁদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়েছে।
অপরদিকে নতুন ভিসিকে স্বাগত জানানো শিক্ষার্থীদের দাবি, সাবেক ভিসি জয়নাল আবেদীনের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ছিল। নতুন ভিসি একজন যোগ্য শিক্ষক। কয়েকজন শিক্ষক নেতা ও ছাত্রশিবিরের উসকানিতে বহিরাগত ক্যাডার বাহিনী এনে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

গাজীপুর মহানগর (ডিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ছাত্রশিবিরের সমর্থনে শিক্ষার্থীদের একটি অংশ মূল ফটকের ভেতরে অবস্থান নিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে ফটকের বাইরে থাকা পুলিশ, সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থী কমপক্ষে ১৫/২০ জন আহত হয়েছে। ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ক্যাম্পাস এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নতুন ভিসি ক্যাম্পাসের বাইরে অবস্থান করছেন।

খুলনার কয়রায় রাতের আঁধারে মাটির ঘরে সিঁধ কেটে ভেতরে ঢুকে ভবতোষ মৃধা (৩৭) নামের এক ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। এ সময় স্বামীকে বাঁচাতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন তাঁর স্ত্রীও।
২ মিনিট আগে
বগুড়ায় বন্ধুদের সঙ্গে আড্ডা ও মদপানের পর এক তরুণী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১০ মিনিট আগে
খাগড়াছড়ির রামগড়ে চাকা বিস্ফোরণের পর সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসের যাত্রীর অন্য বাসের খোলা ডালার ধাক্কায় মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
১২ মিনিট আগে
রাজশাহী থেকে আন্তজেলা ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকেরা। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি প্রত্যাখ্যান করে নির্বাচনের দাবিতে এ ধর্মঘট করছেন তাঁরা। আজ সোমবার (১৮ মে) সকাল থেকে বাস বন্ধ রেখে তাঁদের নগরের শিরোইল বাস টার্মিনাল এলাকায় অবস্থান করতে দেখা গেছে।
১ ঘণ্টা আগে