
ভোলার চরফ্যাশনে এইচএসসি পরীক্ষার্থী ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করেছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনার সময় বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা কেন্দ্রের কয়েকটি শ্রেণিকক্ষে হামলা চালিয়ে ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ শনিবার সকালে উপজেলার ফাতেমা মতিন মহিলা ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে নকল করায় বাধা দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র কঠিন হওয়া এবং পরীক্ষাকেন্দ্রে কর্তব্যরত শিক্ষকদের কঠোর নজরদারির অভিযোগ তোলেন পরীক্ষার্থীরা। নকল করতে না দেওয়ায় একদল পরীক্ষার্থী ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা পরীক্ষা শেষে দুপুরের দিকে কেন্দ্রের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে এবং দায়িত্বরত শিক্ষক ও পরীক্ষাসংশ্লিষ্টদের অবরুদ্ধ করার চেষ্টা চালায়। একপর্যায়ে তারা কেন্দ্রে হামলা চালিয়ে কেন্দ্রের কয়েকটি শ্রেণিকক্ষ ভাঙচুর চালায় বলে অভিযোগ ওঠে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং কেন্দ্রে দায়িত্বরত শিক্ষক ও পরীক্ষাসংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ঘটনাস্থলে গেলে শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে।
চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ জানান, শিক্ষার্থীদের প্রশ্ন কঠিন হওয়ায় পরীক্ষা ভালো হয়নি এবং পরীক্ষার হল কড়া করায় শিক্ষার্থীদের ক্ষোভ সৃষ্টি হয়। পরে পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা একত্রিত হয়ে কেন্দ্র সুপার ও ওই কলেজের অধ্যক্ষের রুমে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ভোলার সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মো. মেহেদী হাসান শনিবার রাত সাড়ে ৮টার দিকে আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সিরাজগঞ্জের বেলকুচিতে সুতার রোল তৈরির মোটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে মারজানা (২০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মারজানা খাতুন গোপালপুর গ্রামের হাসানের স্ত্রী।
৪ মিনিট আগে
শুক্রবার দুপুরে পাবনায় শহীদ চত্বর পরিদর্শনের সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং একইদিন নাটোরে সমাবেশে যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার পাবনা সদর আসনের সংসদ সদস্য শিমুল বিশ্বাসের বিরুদ্ধে কটূক্তি ও মিথ্যাচারমূলক বক্তব্য দেন।
৭ মিনিট আগে
নিজের অধিকার সম্পর্কে জনগণকে সচেতন হতে হবে। জনগণ নিজের অধিকার নিজেরাই আদায় না করলে অন্য কেউ এনে দেবে না। আমরা আপনাদের পাশে দাঁড়াতে ও সহযোগিতা করতে পারি। তবে নিজের অধিকার আদায়ে জনগণকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
৩২ মিনিট আগে
ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। এরমধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে। এ ছাড়া ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী দুর্ঘটনাকবলিত একটি যাত্রীবাহী বাসসহ অন্তত ৪টি গাড়িতে আগুন ও একাধিক যানবাহনে ভাঙচুর চালিয়েছে।
১ ঘণ্টা আগে