Ajker Patrika

ইমাম-উলামা পরিষদের আপত্তিতে কিশোরগঞ্জে কনসার্ট বাতিল

কিশোরগঞ্জ প্রতিনিধি
ইমাম-উলামা পরিষদের আপত্তিতে কিশোরগঞ্জে কনসার্ট বাতিল
কনসার্টের জন্য তৈরি করা মঞ্চের সরঞ্জাম খুলে ট্রাক ও টমটমে করে নিয়ে যাচ্ছেন আয়োজকেরা। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জ জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে আয়োজিত কনসার্ট স্থানীয় ইমাম-উলামা পরিষদের আপত্তির মুখে বাতিল করেছে জেলা প্রশাসন। বুধবার (১৯ আগস্ট) রাতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এ কনসার্ট। এতে ‘অ্যাশেজ’ ব্যান্ড ও সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেলের পরিবেশন করার কথা ছিল।

আয়োজকদের সূত্রে জানা গেছে, শহরের আলীশান রেস্টুরেন্ট তাদের র‍্যাফেল ড্রয়ের পুরস্কার বিতরণী উপলক্ষে কনসার্টটির আয়োজন করেছিল। গত সোমবার (১৭ আগস্ট) রেস্তোরাঁ কর্তৃপক্ষ কনসার্টের অনুষ্ঠানসূচি ঘোষণা করে। ওই দিনই আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ধর্মীয় অনুভূতির বিষয় উল্লেখ করে অনুষ্ঠানটি বন্ধের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন জানায় স্থানীয় ইমাম-উলামা পরিষদ।

কিশোরগঞ্জ সদর উপজেলা শাখা ইমাম-উলামা পরিষদের সভাপতি মাওলানা আহমাদুল্লাহ স্বাক্ষরিত আবেদনে বলা হয়, এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা হলে স্থানীয় পরিস্থিতি ঘোলাটে হওয়ার আশঙ্কা রয়েছে।

বুধবার দুপুরে মাওলানা আহমাদুল্লাহ কনসার্ট বাতিলের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমাদের আবেদনের পর জেলা প্রশাসন থেকে কনসার্টটি বন্ধ করার আশ্বাস দেওয়া হয়। পরবর্তী সময়ে অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে।’

এদিকে বুধবার দুপুরে পুরাতন স্টেডিয়াম মাঠে গিয়ে দেখা যায়, কনসার্টের জন্য তৈরি করা মঞ্চের সরঞ্জাম খুলে ট্রাক ও টমটমে করে নিয়ে যাচ্ছেন আয়োজকেরা।

কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান আলীশান রেস্টুরেন্টের মালিক মো. ইব্রাহীম খলিল বলেন, ‘রেস্তোরাঁর পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে কেন্দ্র করেই এই কনসার্টের উদ্যোগ নেওয়া হয়েছিল। জেলা প্রশাসন প্রাথমিকভাবে অনুমতি দিলেও আজ জানানো হয়েছে যে কনসার্ট করা যাবে না।’

কনসার্ট বাতিলের কারণ সম্পর্কে কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা থাকায় কনসার্টের অনুমতি বাতিল করা হয়েছে। এ ছাড়া যে রেস্তোরাঁর উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল, তাদের প্রয়োজনীয় লাইসেন্সও নেই বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত